৫৫০ টাকায় ল্যাপটপের টোপ! সাইবার প্রতারণার ফাঁদে গৃহশিক্ষক, ডিজিটাল অ্যারেস্টের হুমকি
  • ১৮ নভেম্বর, ২০২৬ ১৪:৫০
Prefer us on Google

সংবাদদাতা, ময়নাগুড়ি: মাত্র ৫৫০ টাকায় ল্যাপটপ পাওয়ার লোভনীয় বিজ্ঞাপনে বিশ্বাস করে সাইবার প্রতারকদের ফাঁদে পড়লেন ময়নাগুড়ির এক গৃহশিক্ষক। প্রতারকদের খপ্পরে পড়ে ইতিমধ্যেই প্রায় ৫৩ হাজার টাকা খুইয়েছেন তিনি। আর শুধু তাই নয়, নিজের টাকা ফেরত চাইতে গেলেই মিলছে ডিজিটাল অ্যারেস্টের হুমকি। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

Advertisement

জানা গিয়েছে, ময়নাগুড়ির চড় চুড়াভান্ডার এলাকার বাসিন্দা গৃহশিক্ষক মনোজ কুমার বর্মনের মোবাইলে সম্প্রতি একটি বিজ্ঞাপন আসে। সেখানে মাত্র ৫৫০ টাকায় ল্যাপটপ দেওয়ার কথা বলা হয়। পাশাপাশি, বিজ্ঞাপনটিকে একটি সরকারি প্রকল্পের অংশ বলেও দাবি করা হয়। সেই প্রলোভনে বিশ্বাস করে প্রতারকদের পাঠানো একটি কিউআর কোডের মাধ্যমে টাকা পাঠান মনোজ।

মনোজ জানান, প্রথমে প্রসেসিং ফি বাবদ টাকা নেওয়া হয়। এমনকি বিশ্বাস অর্জনের জন্য তাঁর পাঠানো কিছু টাকা ফেরতও দেয় প্রতারকরা। এরপর বিভিন্ন কৌশলে ধাপে ধাপে তাঁর কাছ থেকে টাকা হাতিয়ে নেয় প্রতারকরা। সব মিলিয়ে প্রায় ৫৩ হাজার টাকা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তিনি। এরপর টাকা ফেরত চাইলেই তাঁকে ডিজিটাল অ্যারেস্ট করার ভয় দেখানো হচ্ছে। আজ সকালেও নতুন করে ১০ হাজার টাকা দাবি করা হয়েছে বলে জানান মনোজ। অবশেষে প্রতারকদের হাত থেকে রেহাই এবং নিজের টাকা ফেরতের আশায় এদিন ময়নাগুড়ি থানার দ্বারস্থ হন তিনি। পুরো ঘটনার কথা জানিয়ে থানায় একটি মামলা রুজু করে সে। গোটা বিষয়টি খতিয়ে দেখছে তদন্তকারী দল।