মনসা পুজোয় ঝাঁপান দেখাতে গিয়ে সাপের কামড়ে মৃত্যু সর্পবন্ধু রাহুলের
  • ১৮ নভেম্বর, ২০২৬ ১২:০৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: সোশ্যাল মিডিয়ায় পরিচিতি ছিলেন সর্পবন্ধু হিসেবে। দীর্ঘ দশ বছর ধরে লোকালয়ে ঢুকে পড়া সাপ উদ্ধার করে নিরাপদে জঙ্গলে ছেড়ে দিতেন। বাড়ির মনসা পুজোয় ঝাঁপান দেখাতে গিয়ে বিষধর সাপের কামড়ে মৃত্যু হল ৩২ বছরের রাহুল দণ্ডপাটের। ঝাড়গ্রামের গোপীবল্লভপুর-২ ব্লকের চৌনিশোল গ্রামের এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাহুলের বাড়িতে মনসা পুজোর আয়োজন করা হয়েছিল। ঢাক-ঢোলের বাদ্যি, মাথায় পুজোর ঘট নিয়ে মহিলাদের উপস্থিতিতে চলছিল অনুষ্ঠান। সেই সময় গলায় জীবন্ত সাপ ঝুলিয়ে ঝাঁপান দেখাচ্ছিলেন রাহুল। আচমকাই সাপটি তাঁর বাঁ হাতে কামড়ে দেয়। সঙ্গে সঙ্গে সাপটিকে গলা থেকে নামিয়ে ছুড়ে ফেলে দেন তিনি। এরপর অসুস্থ হয়ে পড়েন।  পরিবারের লোকজন ও স্থানীয় বাসিন্দারা  উদ্ধার করে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।