চালক-যাত্রীর মধ্যস্থতায় এআই, স্মার্ট ই-বাস চালুতে সাফল্য খড়্গপুর আইআইটির  পরীক্ষামূলক পরিষেবা শুরু ক্যাম্পাসে
  • ১৮ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মণিরাজ ঘোষ, খড়্গপুর: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির হাত ধরে পরিবহণশিল্পে নতুন দিগন্তের সূচনা করল খড়্গপুর আইআইটি। সোমবার বিকেলে কৃত্রিম বুদ্ধিমত্তায় চালিত বিনামূল্যে স্মার্ট বাস পরিষেবা চালু হয়েছে আইআইটি ক্যাম্পাসে। আইআইটি সূত্রে জানা গিয়েছে, সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি সফটওয়্যারের মাধ্যমে পরিচালিত হবে এই পরিষেবা। বাসের অবস্থান নির্ণয় থেকে শুরু করে যাত্রীদের চাহিদা অনুযায়ী সময়সূচি তৈরি, বাসের সংখ্যা ও চলাচল নিয়ন্ত্রণ এবং বৈদ্যুতিক বাসের চার্জিং ব্যবস্থাপনা—সবকিছুই পরিচালিত হবে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে। বিশেষজ্ঞদের মতে, স্বদেশি গবেষণা ও কৃত্রিম বুদ্ধিমত্তার সমন্বয়ে ভবিষ্যতে দেশের উন্নত শহরগুলিতে আরও নির্ভরযোগ্য, পরিবেশবান্ধব ও সাশ্রয়ী গণপরিবহণ ব্যবস্থা গড়ে তোলার পথ প্রশস্ত করতে পারে এই প্রযুক্তি।

Advertisement

খড়্গপুর আইআইটির স্থাপত্য ও আঞ্চলিক পরিকল্পনা বিভাগের অধ্যাপক দেবপ্রতিম পণ্ডিতের তত্ত্বাবধানে, প্রতিষ্ঠানের ‘সিটি ফিউচার ল্যাব’-এ এই সফটওয়্যার তৈরি হয়েছে। দেবপ্রতিমবাবু জানিয়েছেন, প্রায় সাত বছরের গবেষণা এবং বাস্তবতা নির্ভর একাধিক পরীক্ষানিরীক্ষার মাধ্যমে গড়ে উঠেছে এই স্বদেশি প্রযুক্তি। কেন্দ্রের ‘পিএম ই-বাস পরিষেবা’ প্রকল্পের মতো দেশজুড়ে বৈদ্যুতিক বাস পরিষেবা পরিচালনার ক্ষেত্রেও এই প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে মনে করছেন দেবপ্রতিমবাবুর নেতৃত্বাধীন আইআইটির এই গবেষকদল। প্রাথমিকভাবে খড়্গপুর আইআইটি ক্যাম্পাসে চারটি নির্দিষ্ট রুটে এই বাস পরিষেবা চালু হয়েছে। ব্লু, অরেঞ্জ, ভায়োলেট ও গ্রিন—এই চারটি রুটের মাধ্যমে ক্যাম্পাসের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ছাত্রাবাস, আবাসিক এলাকা, বাজার ও গুরুত্বপূর্ণ স্থানগুলিকে যুক্ত করা হয়েছে। সোমবার থেকে শুক্রবার সকাল সাড়ে ৭টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত চলবে বাসগুলি। পড়ুয়া, অধ্যাপক, কর্মী ও তাঁদের পরিবারের সদস্যরা এই পরিষেবার সুবিধা পাবেন। আপাতত সম্পূর্ণ বিনামূল্যেই এই পরিষেবা মিলবে বলে জানিয়েছেন খড়্গপুর আইআইটির জনসংযোগ আধিকারিক প্রতীক দামা।
এই পরিষেবার একটি উল্লেখযোগ্য দিক হল, ‘পিইউবিবিএস ট্রানজিট’ মোবাইল অ্যাপ। এর মাধ্যমে যাত্রীরা বাসের অবস্থান সরাসরি জানতে পারবেন। যাত্রীদের যাতায়াতের গতিবিধি, আগের টিকিটের তথ্য, যানজট এবং যাত্রার সময় বিশ্লেষণ করে যাত্রী সংখ্যার সম্ভাব্য পূর্বাভাসও দিতে পারবে কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর এই সফটওয়্যারটি। খড়্গপুর আইআইটির ডিরেক্টর সুমন চক্রবর্তী বলেন, ‘সেই অনুযায়ী বাসের সময়সূচি তৈরি, বিভিন্ন রুটে বাস বরাদ্দ এবং প্রয়োজনে অতিরিক্ত বাস নামানোর সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে। তিনি এও জানিয়েছেন, এর আগে ওড়িশার ভুবনেশ্বরের দু’টি বাস রুটে এই সফটওয়্যারের পরীক্ষামূলক প্রয়োগ করা হয়েছে। পাশাপাশি কলকাতা, ভুবনেশ্বর, সুরাত, কানপুর ও বেঙ্গালুরুর মতো শহরেও এই প্রযুক্তি ব্যবহারের সম্ভাবনা নিয়ে কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক মন্ত্রকের কাছে প্রস্তাব জমা দেওয়া হয়েছে।