উত্তরাখণ্ডে বাস দুর্ঘটনায় মৃত জলপাইগুড়ির প্রৌঢ়
  • ১৮ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: বাড়ির দু’জন পুরুষ মানুষের মধ্যে একজনের মৃত্যু হয়েছে দুর্গাপুজোর ষষ্ঠীর দিন। পরিবারের নিয়ম অনুযায়ী শ্যালকের একমাসের কাজ শেষ করে কর্মস্থলে ফিরছিলেন রাজ রায়। উত্তরাখণ্ডের বাস দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনি। মাত্র একমাসের মধ্যে বাড়ির দুই উপার্জনকারী পুরুষ সদস্যের মৃত্যুতে দিশাহীন হয়ে পড়েছে পরিবারটি। পুলিশও রাজ রায়ের (৫৬) মৃত্যুর খবর নিশ্চিত করেছে। পরিযায়ী ওই শ্রমিকের বাড়ি জলপাইগুড়ির নাজিরপাড়ায়। 

Advertisement

মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, রাজ সোমবারই বিমানে চেপে দিল্লিতে পৌঁছন। উত্তরাখণ্ডে একটি টানেলের কাজে যোগ দিতে যাচ্ছিলেন। দিল্লি থেকে বাসে চেপে উত্তরাখণ্ডে যাওয়ার পথে গুলারবাজার নামে একটি জায়গায় খাদে পড়ে যায় বাস। ভোর ৪টে নাগাদ ঘটনাটি ঘটে। ওই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৯ জন যাত্রী। সঙ্গে থাকা আধারকার্ডে নাম ও ঠিকানা দেখে স্থানীয় পুলিশ বাড়ির সঙ্গে যোগাযোগ করে। এ খবর পেয়েই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। 
এ খবরে স্ত্রী পুষ্পা রায় বর্মন, শাশুড়ি ফেলানি বর্মন, শ্যালক গোপাল রায়ের মাথায় আকাশ ভেঙে পড়েছে। ১১ বছরের ছেলে রয়েছে তাদের। সংসার কীভাবে চলবে সেই চিন্তা কুঁড়ে খাচ্ছে পরিবারটিকে। মঙ্গলবার খবর পেয়ে মৃত রাজ রায়ের বাড়িতে আসেন জলপাইগুড়ির বিজেপি বিধায়ক অনন্তদেব অধিকারী। পরিবারটির পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়ে যান তিনি। পুষ্পার ছেলের পড়াশোনার দায়িত্ব নেবেন বলে কথা দিয়েছেন। রাজের স্ত্রীর যাতে একটি কাজের ব্যবস্থা করা যায় সেটাও দেখবেন বলেছেন। মৃতদেহ জলপাইগুড়িতে নিয়ে আসার পাশাপাশি শেষকৃত্য যাতে ভালোভাবে করা যায় তারজন্য বিধায়ক জেলা প্রশাসনের সঙ্গেও এদিন কথা বলেন। 
বিধায়ক বলেন, খুবই দুঃখজনক খবর। আমরা পরিবারটির পাশে দাঁড়াব। কিশোরের পড়াশোনার দায়িত্ব আমি নিলাম। এদিকে, মৃত রাজের স্ত্রী পুষ্পা বলেন, সোমবার সকালেই কাজের উদ্দেশ্যে বের হয়। উত্তরাখণ্ডে একটি  টানের কাজে যোগ দেওয়ার কথা ছিল। ভাবতেই পারছি না ও মারা গিয়েছে। সোমবার রাতেও আমার সঙ্গে কথা হয়েছিল। এদিন দুপুরে ওঁর মৃত্যুর খবর পেলাম। এমনকিছু হয়ে যাবে তা ভাবতেই পারছি না। 
মৃতের এক শ্যালক গোপাল রায় বলেন, জামাইবাবুর মৃত্যুর খবর উত্তরাখণ্ড পুলিশ জানিয়েছে। ওঁর দেহ আনার জন্য স্থানীয় প্রশাসনের কাছে সাহায্য চেয়েছি।