নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি ও কলকাতা: ‘মিশন মির্চি’ নামের একটি হিন্দি সিনেমার শ্যুটিংয়ে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হল টলিউডের একজন টেকনিশিয়ানের। নাম পিন্টু মণ্ডল। বয়স হয়েছিল ৪৬। তিনি ‘লাইট ম্যান’ ছিলেন। জানা গিয়েছে, ওই ছবির প্রযোজক সংস্থা ম্যাডক ফিল্মস। সিকিম প্রশাসন সূত্রে জানা গিয়েছে, গত ১৫ নভেম্বর টিমটি গ্যাংটকে পৌঁছায়। ২০ নভেম্বর পর্যন্ত শ্যুটিং চলার কথা ছিল। সোমবার বিকেলে এক সহকর্মীর সঙ্গে শ্যুটিং স্পট থেকে অন্যত্র রওনা দেন পিন্টু। সঙ্গে ছিলেন ফ্লোর অ্যাসিসট্যান্ট বাবর আলি মোল্লা। সেই সময় তাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে সিকিমের সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা পিন্টুকে মৃত বলে ঘোষণা করেন। বাবরের চিকিৎসা চলছে।
কলকাতার কুঁদঘাট এলাকার বাসিন্দা পিন্টু। তাঁর স্ত্রী ইতিমধ্যে গ্যাংটকের উদ্দেশে রওনা দিয়েছেন। পিন্টুর মৃত্যুর পরও শ্যুটিং চলেছে বলে খবর। এতে ক্ষোভপ্রকাশ করা হয়েছে টেকনিশিয়ান গিল্ডের তরফে। শ্যুটিং স্পটে কর্মীদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে সংস্থা। তাঁর পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার কথাও জানানো হয়েছে।



