নিজস্ব প্রতিনিধি, আসানসোল: কয়েক বছর পর অবশেষে জেলা প্রশাসনের কাজের রিভিউ নিতে পশ্চিম বর্ধমান জেলায় আসছেন মুখ্যমন্ত্রী। এখনও পর্যন্ত খবর, ২৭ নভেম্বর দুর্গাপুরের সৃজনী হলে মুখ্যমন্ত্রী প্রশাসনিক রিভিউ বৈঠক করবেন। যা নিয়ে সাজো সাজো রব পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনে। মঙ্গলবার ছটের পর অফিস খুলতেই সব দপ্তরের নিয়ে বৈঠক করেন জেলাশাসক পোন্নমবলম এস। ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট অ্যাণ্ড মনিটারিং কমিটির এই মিটিংয়ে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের প্রতিটি প্রকল্পের কাজের খুটিনাটি খোঁজ দেওয়া হয়। যে সব প্রকল্পের গতি মন্তর তা দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়। পিএম সূর্যঘর প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রী একাধিক বৈঠকে সরব হয়েছেন। সেই প্রকল্পের লক্ষ্যমাত্রা থেকে বহু দূরে জেলা। মুখ্যমন্ত্রী সফরের আগেই আসানসোল ও দুর্গাপুর পুরসভায় এনিয়ে বিশেষ ক্যাম্প আয়োজন করে জেলা প্রশাসন ও পুরসভা। তেমনি মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা, আয়ুস্মান ভারত, ভিবি রামজি,পিএম আবাস সহ বিভিন্ন প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
পশ্চিম বর্ধমান জেলার জল কষ্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নজরে রয়েছে ভালোভাবেই জানেন প্রশাসনিক কর্তারা। আম্রুত ২ ও জনস্বাস্থ্য এবং কারিগরি দপ্তরের প্রকল্পগুলি কী পর্যায়ে রয়েছে তা জানতে পৃথক ভাবে বৈঠক করতে চলেছেন জেলাশাসক। যাতে এই প্রকল্পের কাজের গতি রাজ্য প্রশাসনের রোষের কারণ না হয় সে বিষয়েও সচেষ্ট জেলা প্রশাসন।
পাশাপাশি মুখ্যমন্ত্রীর এই সফরের দিকে নজর থাকবে জেলাবাসীর। বিগত তৃণমূল সরকারের আমলেও তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলায় জেলায় গিয়ে প্রশাসনিক বৈঠক করতেন। কিন্তু শেষ কয়েক বছর পশ্চিম বর্ধমান জেলায় প্রশাসনিক বৈঠক করেননি তিনি। অনেকেই মনে করে প্রশাসনের সর্বোচ্চ স্তরের এই উদাসিনতা প্রশাসনিক কাজের উপর প্রভাব ফেলেছিল। তাই কয়েক বছর পরই জেলার উন্নয়নের খতিয়ান নেবেন কোন মুখ্যমন্ত্রী। দ্বিতীয়ত, আসানসোলে কালী পুজোর উদ্বোধনে এসে শুভেন্দু আধিকারী ঘোষণা করেছিলেন ছট পুজোর পর প্রশাসনিক বৈঠক করব। সেই বৈঠক কেন্দ্র ও রাজ্যের সব সরকারি সংস্থাকে এক টেবিলে এনে জেলার উন্নয়নের রূপরেখা তৈরি করব। সেই বৈঠক চলতি মাসেই হতে চলেছে। তাই মুখ্যমন্ত্রীর নতুন উন্নয়নের রূপরেখা কী হবে সেদিকেও নজর রয়েছে জেলাবাসীর। অন্যদিকে জানা গিয়েছে, প্রধানমন্ত্রী সূর্যঘর প্রকল্পে জেলায় ৫ হাজার বাড়িতে সোলার প্যানেল বসানোর টার্গেট ছিল। অথচ এখনও পর্যন্ত মাত্র ৭০০ বাড়িতে তা বসানো সম্ভব হয়েছে। এই প্রকল্পে আবেদনই জমা পড়েছে মাত্র ২ হাজার। অনেকে আবেদন করেও পিছিয়ে যাচ্ছেন। এই পরিস্থিতিতে আসানসোল পুরসভার ১০টি বরো ও দুর্গাপুর পুরসভার পাঁচটি বরোতে আজ বুধবার থেকে তিনদিন বিশেষ ক্যাম্প আয়োজন করা হবে। সেখানে মানুষ গিয়ে যেমন প্রকল্পের সুবিধা জানতে পারবেন তেমনি আবেদনও করা যাবে। জেলাশাসক পোন্নমবলম এস বলেন, আবেদন কারি এক্ষেত্রে সরকারি ভর্তুকিও পাবেন তেমনি বাকি টাকার জন্য লোনও পাবেন। আসানসোল জেলাশাসকের অফিসে প্রশাসনিক বৈঠক।-নিজস্ব চিত্র



