নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: সাতসকালেই মর্মান্তিক ঘটনা! মন্দিরের সামনে পড়ে রয়েছে সদ্যোজাত শিশুর ক্ষতবিক্ষত দেহ। আজ এমনই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল বহরমপুরের গোয়ালজান গ্রাম পঞ্চায়েতের কাঠালতলা এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কাঠালতলা দুর্গা মন্দিরের সামনে সদ্যোজাত শিশুর ছিন্নভিন্ন দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। এরপরই খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। এরপর শিশুটির দেহাংশ উদ্ধার করে নিয়ে যান তাঁরা। স্থানীয় বাসিন্দাদের সন্দেহ, রাতের অন্ধকারে অজ্ঞাতপরিচযয়ের কেউ সদ্যোজাত শিশুটির দেহ ওই এলাকায় ফেলে রেখে গিয়েছে। তবে কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা এখনও স্পষ্ট নয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া শিশুটির দেহ ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।



