নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: পারিবারিক বিবাদের জেরে কুয়োয় দড়ি বেয়ে নামল যুবক! পুলিশ ও দমকল বাহিনীর চেষ্টায় রক্ষা পেল প্রাণ। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম শহরের নতুন পল্লিতে। পুলিশ সূত্রে খবর বছর চল্লিশের ওই যুবকের নাম সুনীল সেতুয়া। পরিবারের দাবি, নেশার ঘোরেই কুয়োর দড়ি বেয়ে নীচে নেমে গিয়েছিলেন তিনি। এরপর কুয়োর ভিতর থেকে তীব্র চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় ঝাড়গ্রাম থানায়। অকুস্থলে পুলিশ ও দমকল বাহিনী ছুটে আসে। উদ্ধারকাজ শুরু হলে যুবক গলা পর্যন্ত ডোবা অবস্থা চিৎকার করে বলতে থাকেন, আমি মরতে চাই। এরপর শুরু হয় উদ্ধারকাজ। পুলিশ ও যুবকের মধ্যে শুরু হয় দড়ি টানাটানি। শেষমেশ দমকল কর্মীদের দীর্ঘ প্রচেষ্টা এবং পুলিশের সহযোগিতায় কুয়োর ভিতর থেকে সুনীলকে নিরাপদে উপরে তুলে আনা সম্ভব হয়। উদ্ধারের পর তাঁকে দ্রুত ঝাড়গ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঝাড়গ্রাম থানার পক্ষ থেকে জানানো হয়েছে, ওই যুবকের বাড়ি শহরের নতুন পল্লি এলাকাতেই। পারিবারিক অশান্তির জেরেই যুবকটি এই কাণ্ডটি ঘটিয়েছে বলে পুলিশ কর্মীদের অনুমান।



