লন্ডন, ১৭ নভেম্বর: এক নয়া রাজনৈতিক সন্ধিক্ষণের দোরগোড়ায় বাংলাদেশ। আগামী ডিসেম্বরে দেশে ফেরার কথা ঘোষণা করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তা নিয়ে উত্তেজনা ক্রমশ চড়ছে পদ্মাপারে। এই আবহেই সেদেশের ঘরোয়া রাজনীতির সংঘাত আছড়ে পড়ল টেমসের পাড়ে। স্থানীয় সময় সোমবার মধ্যরাতে সংঘর্ষে জড়িয়ে পড়লেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং আওয়ামি লিগের সমর্থকরা। এখনও পর্যন্ত ৫ জনের জখম হওয়ার খবর পাওয়া গিয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর।
পূর্ব লন্ডনের রমফোর্ডে এনসিপি’র সংসদ সদস্য নাহিদ ইসলামের নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছিল প্রবাসী বাংলাদেশিদের একটি সংগঠন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামি ও ইসলামি ছাত্রশিবিরের বিপুলসংখ্যক নেতাকর্মীও। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, নাহিদের অনুষ্ঠানস্থলের বাইরে বিক্ষোভ দেখাচ্ছিলেন লিগের কর্মী-সমর্থকরা। অনুষ্ঠান শেষ হওয়ার পরে এনসিপি এবং লিগ সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক দফা লাঠিচার্জ করে লন্ডন পুলিশ।
আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে অন্তত ৪ জনের আঘাত গুরুতর। এই ঘটনার জন্য লিগকে দায়ী করেছেন নাহিদ। সমাজ মাধ্যমে তিনি দাবি করেন, আওয়ামি লিগ কর্মীরা সাধারণ প্রবাসী বাংলাদেশি ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের উপরে হামলা চালিয়েছে।



