ক্রমশ স্থলভাগের দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড় আকভান, রাজ্যে আবহাওয়ার বদল বুধবার থেকে
  • ১৭ নভেম্বর, ২০২৬ ১২:০৫
Prefer us on Google

কলকাতা, ১৭ নভেম্বর: অতি-গভীর নিম্নচাপ গতকাল রাতেই ঘূর্ণিঝড় আকভানে পরিণত হয়েছে। দক্ষিণ ও সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের মধ্যভাগে এখন তা অবস্থান করছে। দক্ষিণ-পূর্ব ও সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপর থাকা অতি-গভীর নিম্নচাপটি গত ৬ ঘণ্টায় ১০ কিলোমিটার গতিবেগে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘূর্ণিঝড় আকভান-এ পরিণত হয়েছে। 

Advertisement

এখন আকভান চেন্নাই থেকে প্রায় ৬১০ কিলোমিটার পূর্বে, অন্ধ্রপ্রদেশের মছলিপত্তনম  থেকে ৬৬০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ও অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম থেকে ৬৭০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পূর্বে এবং ওড়িশার গোপালপুর থেকে ৭৯০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে।

উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ মঙ্গলবার সন্ধ্যার দিকে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা। এরপর এটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে গিয়ে বৃহস্পতিবার সকালে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে বলে জানাচ্ছে হাওয়া অফিস।

পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে শুক্রবার দুপুরের দিকে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় বা ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম রূপে স্থলভাগে প্রবেশ করবে। সেই সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ১২০-১৩০ কিলোমিটার, ঝোড়ো দমকা হাওয়ার সর্বোচ্চ ১৪৫ কিলোমিটার পর্যন্ত গতিবেগ হতে পারে। নেল্লোর ও তুনির মধ্যে দিয়ে অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করার সম্ভাবনা।

তবে সরাসরি এই আকভানের প্রভাব আমাদের রাজ্যে না পড়লেও বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা থাকবে । দক্ষিণবঙ্গে আজ সব জেলায় শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা। তবে আংশিক মেঘলা আকাশ থাকবে বেশ কিছু জেলায়। তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। বুধবার সকালের পর থেকে আবহাওয়ার পরিবর্তন হবে দক্ষিণবঙ্গে। বুধবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা ও হাওড়া জেলায় এক বা দুই জায়গায় হালকা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা। বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা।

বৃহস্পতিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা ও হাওড়া জেলায় অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা। বাকি জেলাগুলিতে কয়েকটি জায়গায় হালকা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর জেলায় এক বা দুই জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা। 

শুক্রবার সব জেলায় অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায় এক বা দুই জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা। সব জেলায় এক বা দুই জায়গায় বজ্রপাত ও দমকা হাওয়ার গতিবেগ ৩০-৪০ কিমি প্রতি ঘণ্টা হওয়ার সম্ভাবনা।

শনিবার সব জেলায় কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা। সব জেলায় এক বা দুই জায়গায় বজ্রপাত ও দমকা হাওয়ার গতিবেগ ৩০-৪০ কিমি প্রতি ঘণ্টা হওয়ার সম্ভাবনা।

রবিবার সব জেলায় কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা।

পশ্চিমবঙ্গ উপকূলের জন্য মৎস্যজীবীদের কোনো সতর্কতা নেই। মৎস্যজীবীদের ২০ নভেম্বর পর্যন্ত পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ।