কমল কলকাতার বাতাসে দূষণ, দাবি সরকারি তথ্যে
  • ১৭ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তথ্য অনুযায়ী সোমবার কলকাতা শহরের বাতাসের দূষণের সূচক (একিউআই) ছিল ১০৯। রবিবার ও শনিবার একিউআই বেড়ে হয়েছিল যথাক্রমে ১৬৩ ও ১৩২। অর্থাত্, ছট পুজোর আবহেও বাতাসে দূষণের সূচক একলাফে অনেকখানি কমে গিয়েছে। যদিও বেসরকারি সংস্থার একিউআইয়ের সঙ্গে সরকারি তথ্যের বিস্তর পার্থক্য রয়েছে। 

Advertisement

এদিন হাওড়া শহরের একিউআই ১৪৫ ও বারাকপুরের একিউআই ছিল ১৯১। সব ক্ষেত্রেই একিউআই মাঝারি পর্যায়ে রয়েছে। যদিও এই সরকারি তথ্যে কান দিতে নারাজ পরিবেশকর্মীরা। পরিবেশকর্মী নব দত্তর বক্তব্য, ‘রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত ব্যাপক বাজি ফেটেছে। কালীপুজোর রাতের মতোই পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। যেহেতু ছটের জন্য শুধু সকালের দিকে বাজি ফেটেছে, তাই সারাদিনের সার্বিক একিউআই অনেকটা কম হয়েছে।’