সংবাদদাতা, বনগাঁ: কেন্দ্রীয় মন্ত্রী বনাম রাজ্যের মন্ত্রী! সাম্প্রতিক সময়ে বনগাঁর সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর এবং বনগাঁ উত্তর কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী অশোক কীর্তনিয়া গোষ্ঠীর বিবাদ একাধিকবার প্রকাশ্যে এসেছে। পেট্রাপোল বন্দরে আরএসএসের শ্রমিক সংগঠন বিএমএসের দুই গোষ্ঠীর বিবাদ প্রকট হয়েছে। দুই মন্ত্রীর অনুগামীরা রয়েছেন বিএমএসের দুই গোষ্ঠীতে। বিবাদ পৌঁছেছিল হাতাহাতিতে। কার্যত বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়েছিল শ্রমিক সংগঠনের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে। সেই বিবাদ এবার পৌঁছে গেল মতুয়াদের মধ্যেও। রাজ্যের মন্ত্রীর অনুগামী এক শ্রমিক নেতা শান্তনু ঠাকুর সম্পর্কে ‘কুৎসিত’ মন্তব্য করেছেন—বিষয়টিকে সামনে রেখে বনগাঁ ও নদীয়ার বিভিন্ন থানায় রাজীব গোস্বামী নামে ওই শ্রমিক নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। কিন্তু অভিযোগ জানানো সত্ত্বেও কেন তাঁকে গ্রেপ্তার করা হচ্ছে না, প্রতিবাদে শান্তনু ঠাকুরপন্থী মতুয়ারা আগামী বুধবার বনগাঁ পুলিশ সুপারের অফিস অভিযানের ডাক দিয়েছে। আইনশৃঙ্খলার ক্ষেত্রে পুলিশের পক্ষপাতিত্ব সহ একাধিক দাবিতে পুলিশ সুপারের কাছে ডেপুটেশন দেবে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ। সোমবার এক সাংবাদিক সম্মেলন করে একথা জানান অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সাধারণ সম্পাদক অনিমেষ বালা।
কয়েকদিন আগে পেট্রাপোল বন্দরে বিএমএসের দুই গোষ্ঠীর বিবাদ প্রকট হয়। বন্দরে শুরু হয় অচলাবস্থা। সাংসদ শান্তনু ঠাকুর সব পক্ষকে নিয়ে বৈঠক করে বন্দরের অচলাবস্থা কাটাতে চেষ্টা করেন। যদিও সেই বৈঠকের পরও অচলাবস্থা চলতে থাকে। সাংসদের বৈঠক নিয়ে ক্ষোভ প্রকাশ করে রাজ্যের মন্ত্রী অশোক কীর্তনিয়া গোষ্ঠীর সদস্যরা। বিএমএস নেতা রাজীব গোস্বামীর বিরুদ্ধে শান্তনু ঠাকুরের নামে কুরুচিকর মন্তব্যের অভিযোগ আনেন শান্তনু ঘনিষ্ঠরা। রাজীবের বিরুদ্ধে একাধিক থানায় অভিযোগ দায়ের করেন তাঁরা। তাঁর গ্রেপ্তারের দাবি জানানো হয়। এদিন সাংবাদিক সম্মেলন করে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সাধারণ সম্পাদক অনিমেষ বালা বলেন, ঠাকুর সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছে রাজীব গোস্বামী। তাঁর বিরুদ্ধে একাধিক থানায় অভিযোগ হলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। রাজীব গোস্বামীকে গ্রেপ্তারির দাবিতে বুধবার পুলিশ সুপারের কাছে ডেপুটেশন দেওয়া হবে। ওইদিন বনগাঁকে স্তব্ধ করে দেওয়া হবে বলে সংঘের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়। যদিও এবিষয়ে রাজীব গোস্বামীর কোনো প্রতিক্রিয়া মেলেনি। এরইমধ্যে সাংসদ শান্তনু ঠাকুর বনগাঁয় একাধিক অনুষ্ঠানে এসে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। রবিবার এক অনুষ্ঠানে এসে শান্তনু ঠাকুর বলেন, আমি আগেই বলেছিলাম কালী পুজোর পর পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা নেব। কালী পুজো মিটে গিয়েছে। আগামী দিনে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা হবেই, হুঁশিয়ারি কেন্দ্রীয় মন্ত্রীর।



