স্ত্রীর জন্য টিকিট কেন! চপারের কোপ সরকারি বাসের কনডাকটরকে
  • ১৭ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সরকারি বাসে কেন স্ত্রীর টিকিট কাটা হয়েছে, এ প্রশ্ন তুলে চপার দিয়ে রীতিমতো কোপানো হয়েছে কনডাকটরকে। ওই ব্যক্তির বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ দায়ের হয়েছে। রবিবার ভরসন্ধ্যায় ঘটনাটি ঘটেছে প্রগতি ময়দান থানা এলাকার আম্বেদকর ব্রিজের নীচে। শুধু কনডাকটরকেই আক্রমণ নয়, চপার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে সরকারি বাসের সামনের কাচও। আক্রান্ত কনডাকটরের অভিযোগের ভিত্তিতে খুনের চেষ্টার মামলা রুজু করে তদন্তে নেমেছে থানা।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাজাবাজার থেকে মালঞ্চগামী সরকারি বাসে রবিবার বিকাল ৩.৪৫ মিনিট নাগাদ আম্বেদকর ব্রিজ থেকে তিনজন ওঠেন। তাঁদের মধ্যে একজন মহিলা ছিল। কিছুক্ষণ বাদে কনডাকটর দীপক মণ্ডল তাঁদের কাছে ভাড়া চান। মহিলাকে তিনি নো টিকিট দেন। বাকি দু’জনের ভাড়া কাটেন। বানতলায় নামার আগে কেন মহিলার ভাড়া কাটা হয়েছে, এই প্রশ্ন তুলে তাঁরা কনডাকটরের সঙ্গে তর্ক জুড়ে দেন। বাসের পরিচালক নো টিকিট দিয়েছেন বলে দাবি করলেও তাঁরা তাতে কান দেননি। অভিযোগ, বাস থেকে নামার সময় ওই যাত্রীরা কনডাকটরের থেকে ১০০ টাকা ছিনিয়ে নিয়ে পালায়। মালঞ্চ ডিপোয় গিয়ে গোটা ঘটনা রিপোর্ট করেন দীপক মণ্ডল।
পরের ট্রিপে রাজাবাজার ফিরছিল বাসটি। কনডাকটর জানিয়েছেন, সন্ধ্যা পৌঁনে ৭টা নাগাদ বাসটি আম্বেদকর ব্রিজের নীচে পৌঁছালে এক যুবক বাসটি থামায়। তার হাতে ছিল চপার। কেন সরকারি বাসে স্ত্রীর টিকিট কাটা হয়েছে, একথা বলতে বলতেই চপারের কোপে চুরচুর হয়ে যায় বাসের সামনের কাচ। এরপর বাসে উঠে কনডাকটরের বাঁ হাতে চপার দিয়ে এলোপাথাড়ি আঘাত করে সে। ওই অবস্থায় চালক বাস চালাতে শুরু করলে দ্রুত নেমে যায় সে এবং সামনে দাঁড়িয়ে থাকা একটি বাইকে উঠে পালায়। বাইকে আরও দু’জন ছিল। রক্তাক্ত অবস্থায় দীপক মণ্ডলকে সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে, তাঁর হাতে একাধিক সেলাই পড়েছে। তাঁর অভিযোগের ভিত্তিতে সিসি ক্যামেরার ফুটেজ ও বাইকের সূত্র ধরে অভিযুক্তকে চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ।