নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কুমোরটুলি হয়ে উঠেছে কেবলই জগদ্ধাত্রী ও কার্তিকময়। সোমবার পটুয়াপাড়ায় গিয়ে দেখা যায়, সেখানে জগদ্ধাত্রী ও কার্তিক ঠাকুর কেনার ভিড়। তবে এবার ‘রাজা’ ও ‘জমিদার’ কার্তিকের চাহিদাই সবথেকে বেশি দেখা গিয়েছে। আর তার সঙ্গে ছাঁচের কার্তিকের চাহিদাও দেখা গেল বেশ ভালো। আজ, মঙ্গলবার কার্তিক পুজো। আর তাই সোমবার কার্তিক কেনার হিড়িক দেখা গেল পটুয়াপাড়াজুড়ে। বিভিন্ন দম্পতিকেও দেখা যায় কার্তিক ঠাকুর কিনতে। কুমোরটুলি মৃৎশিল্প সংগঠনের কর্তা বাবু পাল বলেন, ‘এবার কার্তিক ঠাকুরের বায়না হয়েছে সাড়ে তিনশোর মতো। তার বাইরেও কোনো কোনো মৃৎশিল্পী অতিরিক্ত কিছু ছোটো‑মাঝারি কার্তিক ঠাকুর বানিয়েছেন। আশা করা হচ্ছে তা বিক্রি হয়ে যাবে।’ অন্যদিকে আজ মঙ্গলবার জগদ্ধাত্রী পুজোর মহাষ্টমী। আর তাই কলকাতা সহ বহু জায়গাতেই মহানবমীর দিন বেশি মাত্রায় এই জগদ্ধাত্রীর আরাধনা হয়ে থাকে। ফলে সোমবার কুমোরটুলিতে দেখা যায়, বিভিন্ন মৃৎশিল্পীর ঘর থেকে বিভিন্ন পুজো কমিটির লোকজন কুলির মাধ্যমে জগদ্ধাত্রী প্রতিমা নিয়ে যেতে। কোথাও কোথাও দেখা যায়, শেষ মুহূর্তে প্রতিমার সাজসজ্জা পরানোর কাজ চলছে। ফলে বিভিন্ন মৃৎশিল্পীর ঘরে দেখা যায় চূড়ান্ত ব্যস্ততা। প্রতিমাশিল্পীদের বক্তব্য, কার্তিক ঠাকুর অতিরিক্ত তৈরি হলেও জগদ্ধাত্রী প্রতিমা বায়নার বাইরে তৈরি হয় না। এদিকে আজ, মঙ্গলবার কার্তিক পুজো শেষ হলেই এই মরশুমে কুমোরটুলিতে প্রতিমা তৈরির কাজ আপাতত শেষ হবে।



