সুদূর ম্যানিলার শতাব্দীপ্রাচীন গুরুদ্বারের পুনর্নির্মাণে উদ্যোগী মোদী, স্থাপন করলেন ভিত্তিপ্রস্তর
  • ১৭ নভেম্বর, ২০২৬ ১১:২৮
Prefer us on Google

ম্যানিলা, ১৭ নভেম্বর: ম্যানিলার বুকে শতাব্দীপ্রাচীন এক গুরুদ্বার খালসা দিওয়ান। ধর্মীয় বিশ্বাস, ঐতিহ্য ও ভারত-ফিলিপিন্সের দীর্ঘদিনের সাংস্কৃতিক সম্পর্কের সাক্ষী এই গুরুদ্বার। সেই ঐতিহ্যকে আরও এগিয়ে নিয়ে যেতে এবার নতুন করে সাজিয়ে তোলার উদ্যোগ নিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার ফিলিপাইনের প্রাচীনতম এই গুরুদ্বারের পুননির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন তিনি। 

Advertisement

তিন দিনের ফিলিপিন্স সফরে গিয়ে ম্যানিলার শতাব্দীপ্রাচীন এই গুরুদ্বার পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলে ফিলিপিন্সের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্বরা। তাঁদের মধ্যে ছিলেন সে দেশের সেনেটর ফ্রান্সিস জোসেফ এসকুদেরো এবং ম্যানিলার মেয়র ফ্রান্সিসকো ইস্কো মোরেনো। গুরুদ্বার পরিদর্শনের অভিজ্ঞতা জানাতে গিয়ে মোদি বলেন, একশো বছরেরও বেশি পুরনো এই পবিত্র স্থানে আসতে পেরে তিনি নিজেকে অত্যন্ত আশীর্বাদধন্য মনে করছেন। তাঁর মতে, গুরু সাহিবদের শিক্ষা অনুসরণ করে শিখ সম্প্রদায় বিশ্বের বিভিন্ন প্রান্তে মানুষের সেবায় এবং সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। 

ভারতের বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, খালসা দিওয়ান গুরুদ্বার এক শতাব্দীরও বেশি সময় ধরে ভারত ও ফিলিপিন্সের সাংস্কৃতিক এবং জনসম্পর্কের উজ্জ্বল নিদর্শন হয়ে রয়েছে। শুধু শিখ সম্প্রদায়ের ধর্মীয় উপাসনালয় হিসেবেই নয়, ম্যানিলার বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সাংস্কৃতিক ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবেও এর পরিচিতি রয়েছে। উল্লেখ্য, ১৯০১ সালে এই গুরুদ্বার প্রতিষ্ঠিত হয়। ১৯০৩ সালে তা আনুষ্ঠানিকভাবে সংগঠিত রূপ পায় এবং ১৯২৪ সালে 'খালসা দিওয়ান' নামে বিশ্বজুড়ে পরিচয় পায়। ফিলিপিন্সে এটিই প্রাচীনতম গুরুদ্বার হিসেবে স্বীকৃত। 

উল্লেখ্য, ম্যানিলায় আয়োজিত চার রাষ্ট্রের কোয়াড গোষ্ঠীর বৈঠকে যোগ দিচ্ছেন মোদি। প্রধানমন্ত্রীর এই সফরের মূল লক্ষ্য দক্ষিণ-পূর্ব ও পূর্ব এশিয়ার দেশগুলির সঙ্গে ভারতের সম্পর্ক আরো মজবুত করা। ২৩তম আসিয়ান-ইন্ডিয়া সামিট এবং ২১তম ইস্ট এশিয়া সামিটে যোগ দিতেই তাঁর ফিলিপিন্স সফর। আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি এই সফরে সাংস্কৃতিক ও জনসম্পর্কের সেতুবন্ধনকেও বিশেষ গুরুত্ব দিচ্ছে নয়াদিল্লি।