ঢাকা: শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তন সংক্রান্ত ঘোষণার আবহে হিংসায় উত্তপ্ত তাঁর খাসতালুক গোপালগঞ্জ জেলা। তাঁর দল আওয়ামি লিগের সমর্থকেরা রবিবার অস্ত্রশস্ত্র সহ ‘শক্তি প্রদর্শনে’ নামে। বিএনপি সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে অগ্নিসংযোগ করা হয়েছে পুলিশের একটি সাঁজোয়া গাড়িতে। ভাঙচুর চালানো হয় ফাঁড়িতে। সরকারি সূত্রে খবর, মহিলা সহ আওয়ামি লিগের অসংখ্য কর্মী সমর্থক পথে নামে। বিক্ষোভকারীদের হাতে ছিল রামদা, বর্শা, কুড়ুল, লাঠি সহ বিভিন্ন অস্ত্রশস্ত্র। জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বরেও চলে হামলা। ঝুলিয়ে দেওয়া হয় বঙ্গবন্ধু নামাঙ্কিত ফ্লেক্স। হাসিনার জন্মস্থান টুঙ্গিপাড়ায় রবিবার সন্ধ্যায় বিএনপি নেতা ইমদাদুল হক মোল্লার বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। আগুন ধরানো হয় বিএনপির দু’টি পার্টি অফিসেও। পুলিশের এসআই মোসলেম আলিকে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারা হয়। এই পরিস্থিতিতে রাতেই তিনটি থানার ওসিদের বদলি করা হয়। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সোমবার সকাল থেকে গোপালগঞ্জে সাঁজোয়া গাড়ি ও বডি-ক্যামেরা সহ টহল দিচ্ছে বিজিবি ও পুলিশ। সরকারি সূত্রে জানানো হয়েছে, মোতায়েন করা হয়েছে ১০ প্লাটুন আধাসেনা। ড্রোনের মাধ্যমে চলছে নজরদারি। পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে।
রবিবার দলীয় সভা থেকে আওয়ামি লিগের নেতা ইলিয়াস হক বলেন, প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বঙ্গবন্ধু-কন্যা হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে না আনা পর্যন্ত এই আন্দোলন চলবে। হিংসার ঘটনার জেরে গোপালগঞ্জের পুলিশ সুপার ও ডেপুটি কমিশনারকে সরিয়ে দেওয়া হয়েছে। রাতেই জরুরি ভিত্তিতে মন্ত্রিসভার বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এরইমধ্যে হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতের পূর্বশর্ত সংক্রান্ত রিপোর্ট সোমবার খারিজ করেছে বাংলাদেশ সরকার। এর আগে বিবিসি বাংলার রিপোর্টে দাবি করা হয়েছিল, হাসিনার বিচার প্রক্রিয়া ফের শুরু করা ও প্রাণদণ্ডাদেশকে চ্যালেঞ্জ জানানোর সুযোগ দেওয়ার মতো শর্ত দিল্লি ঢাকাকে দিয়েছে। যদিও সোমবার বাংলাদেশের বিদেশ রাষ্ট্রমন্ত্রী শামা উবেদ ইসলাম বলেন, সরকারিভাবে এরকম কোনো আলোচনাই হয়নি। বাংলাদেশের প্রত্যাশা, দুই দেশের মধ্যে যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে, তার মাধ্যমেই হাসিনাকে ফেরত পাঠাবে ভারত।



