ঢাকা: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় পুনরায় বিচারের কোনো সুযোগ নেই। রবিবার এমনটাই জানিয়েছেন বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর আমিনুল ইসলাম। ইতিমধ্যে হাসিনার প্রত্যর্পণ নিয়ে দিল্লি-ঢাকা টানাপোড়েন চলছে। শোনা যাচ্ছে, তাঁর প্রত্যর্পণ নিয়ে দু’টি শর্ত দিয়েছে ভারত। তারমধ্যে অন্যতম হল রায় পুনর্বিবেচনা। এদিন দিল্লির এই ধরনের শর্তকে ‘উদ্ভট’ বলে দাবি করেন আমিনুল। তিনি বলেন, একবার বিচার হওয়া মামলার পুনরায় হওয়ার আইনগত কোনো সুযোগ নেই। বাংলাদেশে এধরনের প্রক্রিয়ার কোনো স্বীকৃতি নেই।
এদিকে নতুন করে পোশাক শিল্পে শ্রমিকদের বিক্ষোভে উত্তাল বাংলাদেশ। নূন্যতম মজুরি বৃদ্ধির দাবিতে রবিবার গাজীপুর ও আশুলিয়ায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে ১৩টি কারখানা। পাশাপাশি ৫টি কারখানায় একদিনের ছুটি ঘোষণা করা হয়েছে। ওয়েজ বোর্ডের বৈঠকের ঠিক ২৪ ঘণ্টা আগে এই ঘটনায় বাংলাদেশের পোশাক শিল্পে আশঙ্কার কালো মেঘ দেখা দিয়েছে। মালিকদের দাবি, বিক্ষোভের জেরে অন্তত ৫০টি কারখানার উৎপাদন বন্ধ রয়েছে। এদিন সকাল সাড়ে ৮টা নাগাদ গাজীপুরের কোনাবাড়ি এলাকায় একটি কারখানার শ্রমিকরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। এরপরই অন্যান্য কারখানার শ্রমিকরাও রাস্তায় নেমে বিক্ষোভ দেখান। পরিস্থিতি বেগতিক দেখে কারখানাগুলি বন্ধ করে দিতে বাধ্য হয় মালিকপক্ষ। গাজীপুরের পুলিশ সুপার (শিল্প) আমজাদ হোসেন বলেন, সকালে শ্রমিকরা বিভিন্ন জায়গায় জমায়েত হওয়ার চেষ্টা করেন। কিন্তু পুলিশ ও নিরাপত্তা বাহিনীর তৎপরতায় তা রুখে দেওয়া সম্ভব হয়েছে। এদিন অপ্রীতিকর ঘটনা এড়াতে বিজিবি, পুলিশ, সেনা, নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ে গঠিত এলিট ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামানো হয়।



