কার্গো-যাত্রীবাহী বিমানের  সংঘর্ষ মায়ামি বিমানবন্দরে, আহত দুই
  • ১৬ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিউ ইয়র্ক: মার্কিন মুলুকের বিমানবন্দরে দুর্ঘটনা। ফ্লোরিডার মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে কার্গো ও যাত্রীবাহী বিমানের সংঘর্ষ। রবিবার ভোররাতের এই দুর্ঘটনায় বরাতজোরে রক্ষা পেয়েছে যাত্রীবাহী বিমানের আরোহীরা। ওই বিমানে ছিল ১৬৬ জন যাত্রী ও ৬ ক্রু সদস্য। তবে জখম দুই যাত্রী। প্রশ্ন উঠেছে, কীভাবে রানওয়েতে এই সংঘর্ষ হল? প্রাথমিক অনুমান, গ্রাউন্ড ক্লিয়ারেন্সের ব্যাপারে যোগাযোগ সংক্রান্ত ত্রুটির জেরেই বিপত্তি। এব্যাপারে বিস্তারিত তদন্ত শুরু করেছে মার্কিন অসামরিক বিমান নিয়ন্ত্রক সংস্থা এফএএ। 

Advertisement

মার্কিন সময় শনিবার রাত ৯টা ১৫ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটে। ওই সময় পানামা সিটি থেকে মায়ামি পৌঁছায় কোপা এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭। অন্যদিকে কলম্বিয়ার বোগোতার উদ্দেশে যাত্রার প্রস্তুতি নিচ্ছিল কার্গো সংস্থা ইউপিএসের বোয়িং ৭৬৭। বিমান দু’টি এমন রানওয়ে ধরে এগচ্ছিল যা একে অপরকে আড়াআড়িভাবে বিভক্ত করে। যাত্রীবাহী বিমানটি বাঁদিক থেকে ডানদিকে যাচ্ছিল। আচমকা কার্গো বিমানের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষের জেরে কার্গো বিমানটির নাক ক্ষতিগ্রস্ত হয়। যাত্রীবাহী বিমানের বাঁদিকের ডানার কিছুটা অংশ ভেঙে যায়। বিবৃতি দিয়ে কোপা এয়ারলাইন্স জানিয়েছে, প্রত্যেক যাত্রীকে নিরাপদে নামিয়ে আনা হয়েছে। জখম দু’জন যাত্রী। তবে আঘাত গুরুতর নয়। বেশ কয়েকজন যাত্রী জানিয়েছেন, ধাক্কা লাগায় বিমানের ভিতরে ঝাঁকুনি অনুভব করেছেন তাঁরা। 
এয়ার ট্রাফিক কন্ট্রোলের রেকর্ডিংয়ে সংঘর্ষের মুহূর্তে দুটি বিমানের পাইলটদের কথোপকথন শোনা গিয়েছে। কোপা এয়ারলাইন্সের পাইলট বলেন, ‘কোনো একটি বস্তু আমাদের ধাক্কা মেরেছে।’ কার্গো বিমানের পাইলট জানান, ‘হ্যাঁ, আমরা একটু বেশি এগিয়ে গিয়েছিলাম।’ উত্তরে যাত্রীবাহী বিমানের পাইলট বলে ওঠেন, ‘মনে হচ্ছে, বাঁদিকের ডানার সামনের অংশ ভেঙে গিয়েছে।’ এফএএ জানিয়েছে, ইউপিএস পাইলটদের দূরত্ব বজায় রাখতে বলেছিল এয়ার ট্রাফিক কন্ট্রোল। তাহলে কীভাবে এতটা এগিয়ে গেল বিমানটি? কারণ জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।