ইসলামাবাদ: কাঁটা দিয়েই কাঁটা তোলার ছক! পাকিস্তানি সেনার প্রাক্তন ক্যাপ্টেনকেই নতুন কমান্ডার-ইন-চিফ হিসাবে নিয়োগ করল বালোচ লিবারেশন আর্মি (বিএলএ)। রহমান গুল নামে ওই প্রাক্তন সেনাকর্তা বিএলএ-র অন্দরে উস্তাদ মুরিদ বা মুরিদ বালোচ হিসাবেই বেশি পরিচিত। স্বাধীনতার দাবিতে দীর্ঘদিন ধরেই পাকিস্তান সরকারের বিরুদ্ধে লড়াই করছে বিএলএ। নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, গুলকে কমান্ডার-ইন-চিফ করার পিছনে বিএলএ’র পরিকল্পনার ছাপ স্পষ্ট। পাক সেনাবাহিনীর দক্ষতাকে কাজে লাগিয়েই ইসলামাবাদের বিরুদ্ধে লড়াই করতে চাইছে তারা। পাক সেনার কৌশল ব্যবহার করেই তাদের হারানোর ছক কষেছে বালোচ বিদ্রোহীরা। বালুচিস্তানের নোশকির প্রভাবশালী মেঙ্গল পরিবারের সদস্য রহমান গুল একসময় পাক সেনার ১৯তম ফ্রন্টিয়ার ফোর্স রেজিমেন্টের কমিশনড অফিসার ছিলেন। পরে তিনি সেনাবাহিনী ত্যাগ করে বালুচিস্তানের স্বাধীনতা আন্দোলনে যোগ দেন। এর আগে বিএলএ’র সেকেন্ড-ইন-কমান্ড ছিলেন তিনি। বিএলএ’র বিশেষ আত্মঘাতী বাহিনী মজিদ ব্রিগেডের প্রশিক্ষক হিসাবে কাজ করেছেন তিনি। পাক সেনা ও গুরুত্বপূর্ণ পরিকাঠামোর উপর একাধিক ‘হাই-প্রোফাইল’ হামলার মাস্টারমাইন্ড ছিলেন রহমান।



