ইরানের হাতে এখনও ২ হাজার ৫০০ ক্ষেপণাস্ত্র: মার্কিন গোয়েন্দা রিপোর্ট
  • ১৬ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ওয়াশিংটন: ট্রাম্প মানুন বা না মানুন, পেন্টাগনের রিপোর্টই বলছে, আমেরিকার অস্ত্রভাণ্ডার কমে আসছে। কিন্তু আমেরিকা-ইজরায়ালের লাগাতার হামলাতেও দমে যায়নি ইরান। পালটা জবাব দিতে প্রস্তুত তেহরান। মার্কিন গোয়েন্দাদের দাবি, ইরানের অস্ত্রভাণ্ডারে অন্তত ১৫০০-২৫০০ ক্ষেপণাস্ত্র মজুত রয়েছে। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ইরানের হাতে ঠিক কত ক্ষেপণাস্ত্র রয়েছে, তার নির্ভুল হিসাব পাওয়া কঠিন। কারণ, কতগুলি ক্ষেপণাস্ত্র সরাসরি হামলার জন্য প্রস্তুত এবং কতগুলি মজুত অবস্থায় রয়েছে, তা স্পষ্ট নয়। তবে ইরানের অস্ত্রভাণ্ডারে যে বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র রয়েছে, তাতে সন্দেহ নেই। ইজরায়েলি সামরিক আধিকারিকদের হিসাবেও ইরানের হাতে ১,৫০০-র বেশি ব্যালিস্টিক মিসাইল রয়েছে। 

Advertisement

এই মূল্যায়ন এমন এক সময়ে সামনে এল, যখন ট্রাম্প প্রশাসন দাবি করেছে, ইরানের সামরিক সক্ষমতা প্রায় ধ্বংস হয়ে গিয়েছে। ‘অপারেশন এপিক ফিউরি’-র পর গত এপ্রিলে হোয়াইট হাউসের দাবি ছিল, ইরানের প্রতিরক্ষা শিল্পের ৮৫ শতাংশেরও বেশি ধ্বংস হয়েছে। একইসঙ্গে দেশটির ব্যালিস্টিক মিসাইলের অস্ত্রভাণ্ডার এবং উৎপাদন ক্ষমতাও কার্যত গুঁড়িয়ে দেওয়া হয়েছে। তবে মার্কিন ও ইজরায়েলি হামলায় ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রগুলি ক্ষতিগ্রস্ত হলেও পুরানো মজুত উপাদান ব্যবহার করে অস্ত্রভাণ্ডার পুনর্গঠনের কাজ চালিয়ে যাচ্ছে ইরান। মার্কিন আধিকারিকদের দাবি, যুদ্ধের আগের উৎপাদনের তুলনায় গতি কমলেও ক্ষেপণাস্ত্র তৈরির কাজ অব্যাহত রেখেছে ইরান। একই কথা স্বীকার করেছে ইজরায়েলও। অন্যদিকে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব এল-মান্দেব প্রণালীর কাছে একটি এলাকা থেকে সেনা প্রত্যাহার করল ইয়েমেন। ফলে ওই এলাকার নিয়ন্ত্রণ ইরানপন্থী হুথি বিদ্রোহীদের হাতে গেল। যা ইরানের জমি আরও শক্ত করল বলে দাবি বিশেষজ্ঞদের। উল্লেখ্য, এশিয়া থেকে মিশরের সুয়েজ খাল হয়ে ইউরোপে পণ্য পরিবহণের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হল বাব এল-মান্দেব প্রণালী। এরই মধ্যে ইরানও হুঁশিয়ারি দিয়েছে। স্পিকার মহম্মদ বাঘের ঘালিবাফ জানিয়েছেন, যুদ্ধ না শান্তি চুক্তি—আমেরিকা কোন পথ নেবে তা নিয়ে আমরা চিন্তিত নই। ওরা যদি আমাদের সাতটি শর্ত মেনে নেয়, তাহলে আলোচনার দরজা খোলা থাকবে। কিন্তু মার্কিন সরকার আবার যদি কোনো ভুল করে, তাহলে যুদ্ধক্ষেত্রের অবস্থান ঠিক করবে ইরানের সামরিক বাহিনী। এদিকে, সৌদি আরবের রাজধানী রিয়াধের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর ও একটি ফিনান্সিয়াল সেন্টারে হামলার দাবি করেছে হুথিরা।