চার মাসের ব্যবধানেই ফের ভয়াবহ অগ্নিকাণ্ড থাইল্যান্ডে, মৃত ১১, আহত একাধিক
  • ১৬ নভেম্বর, ২০২৬ ১০:৩৬
Prefer us on Google

ব্যাংকক, ১৬ নভেম্বর: ভয়াবহ অগ্নিকাণ্ড থাইল্যান্ডের জনপ্রিয় পর্যটনকেন্দ্র ফুকেতে। সোমবার ভোররাতে একটি বিল্ডিংয়ে আগুন লেগে মৃত্যু হল প্রায় ১১ জনের। এই ঘটনায় আহত হয়েছেন আরো ১৬ জন। দমকলের প্রায় দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে খবর, সোমবার স্থানীয় সময় ভোর ৩টে ১৭ মিনিট নাগাদ ফুকেতের একটি বিল্ডিংয়ে আগুন লাগে। ওই বিল্ডিংয়ে একটি গাড়ি ভাড়া দেওয়ার ব্যবসা ছিল। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের একাধিক বাড়িতে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন। প্রায় দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আরো জানা গিয়েছে, আহত ১৬ জনের মধ্যে ১৫ জন থাইল্যান্ডের নাগরিক এবং একজন মায়ানমারের বাসিন্দা। মৃত ও আহতদের মধ্যে কোনও বিদেশি পর্যটক নেই বলে জানিয়েছে পুলিশ। ফুকেতের পশ্চিম উপকূলে জনপ্রিয় পাটং সমুদ্রসৈকতের কাছেই শহরাঞ্চলে অবস্থিত ওই বিল্ডিংটি। 

উল্লেখ্য গত চার মাস আগেই থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় প্রাণ হারিয়েছিলেন অন্তত ২৭জন। তার রেশ কাটতে না কাটতেই এবার ফুকেটে অগ্নিকাণ্ডে ১১ জনের মৃত্যুতে নতুন করে উদ্বেগ ছড়াল।