


ঢাকা: আমেরিকার সঙ্গে কি কোনও গোপন ছক কষছে বাংলাদেশ? আপাতত এই জল্পনাতেই সরগরম রাজনীতি। কেন? কারণ সদ্য বাংলাদেশে গোপন সফরে এসেছে মার্কিন সেনা। চট্টগ্রামে প্রায় ১২০ জন মার্কিন সেনা এসেছেন। কেবল স্থলবাহিনীই নয়, এসেছেন বিমান বাহিনীর আধিকারিকরাও। তবে তাঁদের পরিচয় গোপন রাখা হয়েছে। সূত্রের খবর, গত ১০ সেপ্টেম্বর ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিমানে ঢাকা হয়ে চট্টগ্রাম পৌঁছেছেন মার্কিন সেনারা। থাকছেন র্যাডিসন ব্লু হোটেলে। সেখানে সেনাদের জন্য ৮৫টি রুম বুক করা হয়েছে। তবে হোটেলের রেজিস্টারে তাঁদের নাম নেই। কেন এই গোপনীয়তা। প্রশ্ন উঠছে। সূত্রের খবর, বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে যৌথ মহড়ায় অংশ নিতেই এসেছেন মার্কিন সেনারা। আগামী কাল, ২০ সেপ্টেম্বর তাঁদের চট্টগ্রাম ছাড়ার কথা। ২০২৩ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছিলেন, আমেরিকা সেন্ট মার্টিন দ্বীপ দখল করতে চায়। বিএনপি নাকি আমেরিকার কাছে তা বিক্রি করতে আগ্রহী। এ কারণে তাঁকে ক্ষমতা থেকেও উৎখাত করা হবে বলে আশঙ্কা করেছিলেন হাসিনা। এর পরের বছরই হাসিনা সরকারের পতন হয়। যদিও আমেরিকা সাফ জানিয়েছিল, হাসিনা যে অভিযোগ করেছে, তা ভুল। এরই মধ্যে চট্টগ্রামে মার্কিন সেনাবাহিনীর আসাকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। কারণ এর কাছেই রয়েছে সেন্ট মার্টিন দ্বীপ।