‘ভেরি টাফ ম্যান’, কোয়াড সম্মেলনে মোদির প্রশংসায় পঞ্চমুখ মার্কিন প্রেসিডেন্ট, আসিয়ানে সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর
  • ১৮ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ম্যানিলা: ‘ভেরি টাফ ম্যান’! মঙ্গলবার ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় কোয়াড শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এভাবেই প্রশংসায় ভরালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সামনে আবার ব্যালান্সও করেছেন। বলেছেন, ‘আপনি তো মোদির থেকেও বেশি টাফ।’ কোয়াড-ভুক্ত বাকি দেশগুলির (ভারত, জাপান ও অস্ট্রেলিয়া) সঙ্গে আমেরিকার সুসম্পর্কও তুলে ধরেছেন মার্কিন প্রেসিডেন্ট। সাংবাদিকদের সামনে তিনি বলেন, ‘এঁদের সঙ্গে আমার দারুণ সম্পর্ক। শুরু থেকেই আমরা একে অপরকে চিনি। প্রত্যেকেই আমার বন্ধু।’

Advertisement

উল্লেখ্য, মোদি সম্পর্কে ট্রাম্পের এধরনের মন্তব্য প্রথম নয়। এর আগে ২০২৫ সালে ভারত ও আমেরিকার বৈঠকের পরও ট্রাম্প বলেছিলেন, মোদি দরকষাকষির ক্ষেত্রে অত্যন্ত দক্ষ। এই কাজ আমার থেকেও ভালো  করতে পারেন তিনি। ওই বৈঠকে শুল্ক ছিল আলোচনার মূল বিষয়। গত জুনে  জি ৭ শীর্ষ সম্মেলনেও মোদির প্রশংসা করেন মার্কিন প্রেসিডেন্ট। সেই সময় তিনি বলেছিলেন, মোদি অত্যন্ত সুদর্শন। দেবদূতের মতো। কিন্তু আসলে তিনি খুবই কড়া ধাতের। 
এদিন ১১টি দেশের সংগঠন আসিয়ানের বার্ষিক শীর্ষ সম্মেলনেও বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। সেখানে মোদি বলেছেন, ‘প্রতিযোগিতার মাধ্যমে নয়, সহযোগিতার ভিত্তিতে গড়ে তুলতে হবে ইন্দো প্যাসিফিক অঞ্চলের ভবিষ্যৎ।’ চীনের সামরিক তৎপরতা বৃদ্ধি নিয়ে উদ্বেগের আবহে মোদির এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে কূটনৈতিক মহল। আসিয়ান-ভারত সম্পর্ক আরও মজবুত করতে ন’টি নতুন উদ্যোগের প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী। এর মধ্যে রয়েছে দীর্ঘমেয়াদি সামুদ্রিক পরিকল্পনা, আসিয়ানভুক্ত দেশগুলির পর্যটকদের জন্য বিনামূল্যে ই-ভিসা, খনিজ ও গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ উত্তোলনে সহযোগিতা ও অসামরিক পরমাণু শক্তি ক্ষেত্রে প্রযুক্তিগত আদানপ্রদানের কাঠামো তৈরি। পাশাপাশি যৌথ সাইবার ফরেনসিক প্রশিক্ষণ কর্মসূচি ও যুব সম্মেলন, যুবসমাজের মধ্যে যোগাযোগ বাড়ানোর প্রস্তাবও দিয়েছেন তিনি। সম্মেলনে মোদি বলেন, ‘গত কয়েক বছরে বিশ্ব একের পর এক সংকটের মুখোমুখি হয়েছে। এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি প্রয়োজন শান্তি, স্থিতিশীলতা।’ এবারের সম্মেলনের ভাবনা ‘নেভিগেটিং আওয়ার ফিউচার, টুগেদার’-কে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেও মন্তব্য করেছেন তিনি।