ঢাকা: প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনের আগে রাজনৈতিক হিংসা অব্যাহত বাংলাদেশ। মঙ্গলবার রাতে দফায় দফায় অগ্নিসংযোগের ঘটনা ঘটল বাংলাদেশের বিভিন্ন প্রান্তে। শেখ হাসিনার খাসতালুক টুঙ্গিপাড়ায় আগুন লাগিয়ে দেওয়া হয় থানায়। অন্তত তিনটি গাড়ি ভস্মীভূত হওয়ার খবর মিলেছে। অগ্নিসংযোগ করা হয়েছে সংসদ সদস্য এসএম জিলানীর বাড়িতেও। এ সময় ‘জয় বাংলা’ স্লোগানও শোনা গিয়েছে। উভয়ক্ষেত্রেই অভিযোগের তির হাসিনার আওয়ামি লিগের দিকে। আগুন জ্বলেছে রাজধানী ঢাকাতেও। পল্লবী ও মহাখালিতে দুটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। শ্যামলীতেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
পাশাপাশি সোমবার রাতে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ফ্লাইওভারের উপর থেকে দু’টি দেশি বোমা ছোড়া হয়েছে। জখম হয়েছেন তিন পথচারী। ঢাকা এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম তালুকদার জানিয়েছেন, ফ্লাইওভারের উপর অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা বোমা ছুড়েছে। একটি বোমা ফেটেছে বিমানবন্দরের বাইরের গেটের কাছে, অন্যটি ফ্লাইওভারের সংযোগস্থলে জসিমুদ্দিন এলাকায়। তবে এই ঘটনার সঙ্গে হাসিনার সম্ভাব্য প্রত্যবর্তনের যোগসূত্র রয়েছে কি না, তা স্পষ্ট নয়। তদন্ত চলছে।
এদিকে, বাংলাদেশের গণ্ডি ছাড়িয়ে উত্তেজনার আঁচ পৌঁছে গিয়েছে ব্রিটেনের রাস্তাতেও। সোমবার রাতে পূর্ব লন্ডনের রোমফোর্ডে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও আওয়ামি লিগের সমর্থকরা সংঘর্ষে জড়িয়েছেন। লন্ডনে আসা এনসিপি প্রধান নাহিদ ইসলামের জন্য আয়োজিত নাগরিক সংবর্ধনার একটি অনুষ্ঠান ঘিরে সংঘর্ষের এই ঘটনা। জখম হয়েছেন চার-পাঁচজন। আওয়ামি লিগের সমর্থকদের প্রতিরোধের মুখে পড়ে অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে যেতে বাধ্য হন বাংলাদেশের এই প্রভাবশালী রাজনীতিবিদ। রাজনৈতিক অশান্তির পাশাপাশি বেতনবৃদ্ধির দাবিতে পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভও অব্যাহত। ফাঁপরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার। প্রতিবাদী শ্রমিকরা এদিন ঢাকার সঙ্গে টাঙ্গাইল, আরিচা ও ময়মনসিংহ সংযোগকারী তিনটি গুরুত্বপূর্ণ হাইওয়ে অবরুদ্ধ করে দেন। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে চলে লাঠি, কাঁদানে গ্যাস। সাউন্ড গ্রেনেডও ব্যবহার করেছে নিরাপত্তা বাহিনী।
অশান্তির এই আবহেই হিন্দুনেতা চিন্ময় কৃষ্ণদাসকে চট্টগ্রাম জেল থেকে ঢাকার বিশেষ জেলে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। সোমবার কড়া নিরাপত্তায় তাঁকে ঢাকার জেলে আনা হয়েছে। তবে কী কারণে এই স্থানান্তর, তা স্পষ্ট করেনি পুলিশ।



