ভালোবাসার শহর কলকাতাকে নিয়ে চতুষ্পর্ণীর ফ্যাশন শ্যুটে নায়িকা মধুমিতা সরকার।
ভালোবাসার শহর কলকাতাকে নিয়ে চতুষ্পর্ণীর ফ্যাশন শ্যুটে নায়িকা মধুমিতা সরকার।
মধুমিতা সরকার। সদ্য ফোটা ফুলের মতোই তাঁর উপস্থিতি। অভিনেত্রী হিসেবে নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন বহুবার। তাঁকে টেলিভিশনের ‘স্টার’ বললেও অত্যুক্তি হবে না। সেই মধুমিতা যখন ফ্যাশন শ্যুটে ক্যামেরার সামনে দাঁড়ান, একইরকম উজ্জ্বল। তিনি কলকাতার কন্যে। ফ্যাশনের থিমও যখন কলকাতা, তখন মধুমিতার আনন্দ দ্বিগুণ হয়ে গেল। কলকাতার কন্যে যখন, শাড়ি তো পরতেই হবে। প্রথমে বেছে নিলেন উজ্জ্বল হলুদ রঙের সিল্ক। আঁচলে সবুজ এবং সাদার প্যানেল। সাদা অংশে হলুদ ফুল। শাড়ি জুড়ে ছোট ছোট ফুলের প্রিন্ট। মধুমিতা বললেন, ‘শাড়িটা আদৌ ভালো কি না, তা পরলে বোঝা যায়। এটা পিওর সিল্ক, গায়ে দিলেই বোঝা যাচ্ছে।’ খোলা চুল এবং লম্বা দুলে সেজেছিলেন নায়িকা। তাঁর মিষ্টি হাসি এই লুকের আভিজাত্য অনেকটা বাড়িয়ে দিয়েছে। এই ধরনের রং যে কোনো ত্বকেই মানানসই। গরম পড়ছে। এখন সুতির শাড়ি পরে আরাম। তবে পিওর সিল্কেও আরাম পাবেন। এই শাড়ির নিজস্ব ব্লাউজ ছাড়া অন্য ব্লাউজ দিয়েও ট্রাই করতে পারেন।
• কলকাতা থিমের দ্বিতীয় শাড়িটি টুকটুকে লাল। আঁচলে রয়েছে জামদানির কাজ। দিন কয়েক আগেই বিয়ে করেছেন মধুমিতা। তাঁর সংগ্রহে এখন লাল রঙের শাড়ি অনেক রয়েছে। সঙ্গে পরেছিলেন গোল্ডেন জুয়েলারি। ছোট্ট লাল টিপ, হাতখোঁপায় যেন একেবারে নতুন বউ। শ্যুটিংয়ের দিন মধুমিতাকে বলা হল, ট্যাক্সির উপর বসে শট দিতে হবে। শুনে সঙ্গে সঙ্গে রাজি নায়িকা। আনা হল ট্যাক্সি। শহর তখন সবে ঘুম ভেঙে সচল হয়েছে। নিত্য দিনের গন্তব্যে বেরিয়ে পড়েছেন অনেকেই। তার মধ্যেই রাস্তায় বেরিয়ে এলেন মধুমিতা। ট্যাক্সির বনেটের উপর হাতের ভর দিয়ে নিজেই উঠে পড়লেন। তারপর চলল হাসিমুখের পোজ। ক্যামেরার ঘন ঘন শব্দে তখন চারপাশ জমজমাট। পথচলতি কেউ কেউ দাঁড়িয়ে পড়লেন। মধুমিতাকে চিনতে পেরে এল সেলফির আবদার। এদিকে ট্যাক্সির উপর উঠে তখন দেদার খুশি নায়িকা। কলকাতার সঙ্গে জড়িয়ে রয়েছে হলুদ ট্যাক্সির ঐতিহ্য। তাই কলকাতাকে বোঝাতে এই প্রাচীন বাহনের সাহায্য নেওয়া হয়েছিল। এমনিতে শ্যুটিংয়ে নানা ধরনের পোশাক পরতে হয় মধুমিতাকে। চরিত্র অনুযায়ী সাজতে হয়। কিন্তু শাড়ি পরতে ভালোবাসেন তিনি। সুযোগ পেলেই পরে নেন পছন্দের শাড়ি। গরমের দিনে এই ধরনের হালকা শাড়ি ক্যারি করা সহজ। আবার ছোটোখাটো অনুষ্ঠানে এমন শাড়ি পরলে অল্প প্রসাধনেই সুন্দর সেজে ওঠা যায়। পাশাপাশি তৈরি হয় নিজস্ব ফ্যাশন স্টেটমেন্ট। ভিড়ের মধ্যেও আপনি হবেন নজরকাড়া।
স্বরলিপি ভট্টাচার্য