Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

দেওয়ালিতে মিষ্টিমুখ

কালীপুজোয় অতিথিকে মিষ্টিমুখে আপ্যায়ন করুন। তিনটি মিষ্টির রেসিপি জানালেন গাঙ্গুরাম সুইটসের কর্ণধার রাহুল চৌরাসিয়া।

দেওয়ালিতে মিষ্টিমুখ
  • ১৮ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

কালীপুজোয় অতিথিকে মিষ্টিমুখে আপ্যায়ন করুন। তিনটি মিষ্টির রেসিপি জানালেন গাঙ্গুরাম সুইটসের কর্ণধার রাহুল চৌরাসিয়া। 

Advertisement

মোতিচুর লাড্ডু

উপকরণ: বেসন ড্রাই রোস্ট করে নেওয়া ১ কেজি, ঘি ভাজার জন্য পরিমাণ মতো, চিনি ৮০০-৯০০ গ্রাম, কেশরি রং ১ চিমটে, মেলন সিডস ৫০ গ্রাম, ভাজা কাজু ৫০ গ্রাম, ভাজা বাদাম ৩০ গ্রাম, পেস্তা ৩০ গ্রাম, ছোট এলাচ গুঁড়ো ১ চা চামচ, বড় এলাচের দানা ৪টে।

প্রণালী: বেসন জলে গুলে খুব ভালো করে ফেটিয়ে নিন। ব্যাটার জলে ফেলে দেখুন এক ফোঁটা। যদি ভেসে ওঠে তাহলে বুঝবেন ফেটানো ভালো হয়েছে। একটা ঝাঁঝরি হাতায় ভালো করে ঘি ব্রাশ করে নিন। তার মাধ্যমে বেসনের ব্যাটার ফেলুন ও তেলে ভেজে নিন। খুব ছোট ছিদ্র হওয়া চাই, যাতে বোঁদেগুলো ছোট ছোট হয়। এবার চিনি অর্ধেক পরিমাণ জলে ফুটিয়ে রস বানিয়ে নিন। একটু ঘন শিরা হবে। চিনির সেই ঘন শিরায় বেসনের বোঁদে ভিজিয়ে রাখুন। তাতে বাদাম, মেলন সিডস মেশান। বোঁদে যখন রস টেনে নেবে এবং পুরো মিশ্রণটা আঠালো হয়ে উঠবে তখন হাতে অল্প ঘি মাখিয়ে তা থেকে লাড্ডু পাকিয়ে নিন।

কাজু বরফি

উপকরণ: নুন ছাড়া কাঁচা কাজু বাদাম ১ কেজি, চিনি ৬৫০-৭০০ গ্রাম, ঘি ট্রেতে মাখানোর মতো, রুপোলি তবক প্রয়োজন অনুযায়ী।

প্রণালী: কাজু ২-৩ ঘণ্টা জলে ভিজিয়ে রাখুন। এবং তারপর তা বেশ চার থেকে পাঁচ বার ধুয়ে নিন। এবার তা বেটে নিন। জল কম দেবেন কাজু বাটা যেন মিহি এবং ঘন হয় সেদিকে খেয়াল রাখুন। তার সঙ্গে চিনি মিশিয়ে নিন। তারপর এই মিশ্রণ দশ মিনিট রেখে দিন। একটা তলা মোটা কড়াইতে এই মিশ্রণ ঢেলে রান্না করুন যতক্ষণ পর্যন্ত তা শুকিয়ে না যায়। সম্পূর্ণ শুকিয়ে একটা মণ্ড তৈরি হলে আঁচ থেকে নামিয়ে নিন। এবার ট্রেতে ঘি মাখিয়ে নিন। তার উপর কাজু বাটা সমান করে ছড়িয়ে দিন। একটু মোটা করে আস্তরণ তৈরি করবেন। তারপর তার উপর রুপোলি তবক বিছিয়ে দিন। একটু ঠান্ডা হলে ছুরির সাহায্যে বরফির আকারে কেটে নিন।

শনপাপড়ি

উপকরণ: বেসন ১ কেজি, ময়দা অল্প পরিমাণে, ঘি ভাজার জন্য, বড় দানার চিনি পরিমাণ মতো, লেবুর রস কয়েক ফোঁটা, চারমগজ ৫০ গ্রাম, চিরঞ্জি ৩০ গ্রাম, আধভাঙা বাদাম (কাজু, আমন্ড, পেস্তা) ৫০ গ্রাম।

প্রণালী: বেসনের সঙ্গে অল্প ময়দা মিশিয়ে নিন। তা শুকনো কড়ায় সোনালি করে ভেজে নিন। এবার চিনির সঙ্গে অল্প জল মিশিয়ে মোটা রস বানিয়ে নিন। তাতে লেবুর রস মেশান ও পুরো মিশ্রণটা ছেঁকে নিন। এই রস গরম অবস্থায় একটা থালায় ঢেলে বারবার কাঠি দিয়ে টানতে থাকুন। সুতোর মতো রেখা বেরবে রস থেকে। তখন আস্তে আস্তে বেসনের মিশ্রণ মিশিয়ে আবারও কাঠি দিয়ে টানতে থাকুন। পুরোটাই একটা সুতোর আকার নিলে তা একটা ট্রে-তে ঢেলে দিন। উপর থেকে বাদাম, চিরঞ্জি ও চারমগজ দিয়ে সাজিয়ে সেট করে নিন। ঠান্ডা হয়ে জমে গেলে ছুরির সাহায্যে কেটে নিন। 

Advertisement
সম্পর্কিত সংবাদ