নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুড়িডিকাল সায়েন্সেস বা এনইউজেএসের রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে বৃহস্পতিবার টাউন হলে প্রকাশিত হল বিশেষ কভার ‘ক্যান্সেলেশন ও মাই স্ট্যাম্প’। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। এছাড়াও ছিলেন বিচারপতি তপোব্রত চক্রবর্তী, বিচারপতি সৌমেন সেন, বিচারপতি অপূর্ব সিনহা রায়, রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক, পোস্টমাস্টার জেনারেল (কলকাতা সার্কেল) অশোক কুমার এবং এনইউজেএসের উপাচার্য ডঃ নির্মল কান্তি চক্রবর্তী। এদিন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধান বিচারপতি বলেন, ‘আইন পেশার মূল লক্ষ্যই হল সংবিধানকে মান্যতা দিয়ে মানুষের পাশে থাকা। এখন আইন পেশার নির্দিষ্ট গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নেই। খেলাধুলো, টেলিকম, কোম্পানি বিষয়ক সহ একাধিক দিকে এর পরিব্যাপ্তি ঘটেছে। বিচারক থেকে বিচারপতিরা, প্রতিদিন প্রশিক্ষণের মধ্যে দিয়ে যান।’ উপাচার্য বলেন, ‘বিশেষ কভার ক্যান্সেলেশন ও মাই স্ট্যাম্প’ প্রকাশ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এক তাৎপর্যপূর্ণ মুহূর্ত।’ নিজস্ব চিত্র



