নিজস্ব প্রতিনিধি, কলকাতা: খাস কলকাতায় বামেদের বইয়ের দোকান ভাঙচুর। আশঙ্কা সত্যি করে চতুর্থীর দিন দক্ষিণ কলকাতার ঢাকুরিয়ায় সিপিআই (এমএল) লিবারেশনের বইয়ের দোকান ভাঙচুর করা হল। এই বাম দলের অভিযোগ, প্রায় চার দশক ধরে ঢাকুরিয়া বাস স্ট্যান্ডের সামনে লিবারেশন, সিপিআই ও সিপিএমের বুক স্টল বসে। বুধবার সন্ধ্যায় স্টল বাঁধার সময় একদল দুষ্কৃতী এসে হামলা চালায়। লিবারেশনের অভিযোগ, তাদের রাজ্য কমিটির সদস্য বাবুন চট্টোপাধ্যায় ও ৮৮ বছরের অমলেন্দু চৌধুরী সহ অন্যান্যদের শারীরিক নিগ্রহ করা হয়। তার সঙ্গে চলতে থাকে অশ্রাব্য ভাষায় গালাগালি। চোখে গুরুতর চোট পান বাবুনবাবু।
আহত কর্মী-সমর্থকদের বাঘাযতীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। লিবারেশনের তরফে বিবৃতি দিয়ে বিজেপির বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। সিপিআই নেতা প্রবীর দেব বলেন, সিপিআই ও সিপিএমের স্টল বৃহস্পতিবার সাজানোর কথা ছিল। আর এদিন লিবারেশন ওদের স্টল সাজাচ্ছিল। তখনই এই আক্রমণ হয়। ঘটনার পর সিপিআই, সিপিএম ও লিবারেশন যৌথভাবে লেক থানার বাইরে বিক্ষোভ দেখায়। স্থানীয় নেতৃত্ব জানিয়েছেন, লেক থানায় ইতিমধ্যেই অভিযোগ দায়ের করা হয়েছে। আজ, বৃহস্পতিবার সকল বামদলের প্রতিনিধিরা ফের থানায় যাবেন। অন্যদিকে, ডানলপ ব্রিজের কাছে বুক স্টল তৈরির জন্য লিবারেশন উদ্যোগ নিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত বরানগর থানায় গেলে বুক স্টল তৈরি করার অনুমতি পাওয়া যায়নি বলেই অভিযোগ করেছেন লিবারেশন নেতৃত্ব। এদিন সন্ধ্যায় বেহালার ম্যান্টনে এসইউসিআইয়ের একটি বুক স্টল তৈরির সময় দুষ্কৃতীরা এসে কাজে বাধা দেয় বলে অভিযোগ উঠেছে। আক্রান্ত বাবুন চট্টোপাধ্যায়।



