নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুজোর জন্য আইফোন ও সোনার অলঙ্কারে বিপুল ছাড় চলছে। তাদের কাছে প্রচুর স্টক রয়েছে। ইনস্টাগ্রামে এমনই বিজ্ঞাপন দেখে প্রতারকদের পাল্লায় পড়ে লক্ষাধিক টাকা খোয়ালেন গরফা এলাকার বাসিন্দা এক বৃদ্ধ। তিনি গরফা থানায় লিখিত অভিযোগ করেন। তার ভিত্তিতে মামলা রুজু করে শুরু হয়েছে তদন্ত।
পুলিশ সূত্রে খবর, সোশ্যাল মিডিয়ায় পুজো উপলক্ষ্যে বিভিন্ন জিনিসের বিজ্ঞাপন দেওয়া হচ্ছে। বাজার চলতি দামের চেয়ে অনেক বেশি ছাড়ের উল্লেখ থাকছে সেখানে। যোগাযোগের জন্য দেওয়া থাকছে ফোন নম্বর এবং লিঙ্ক। তদন্তকারীরা জানতে পারছেন, উৎসবের মুখে সাইবার জালিয়াতরা সোশ্যাল মিডিয়ায় ফাঁদ পেতে টাকা হাতানোর ছক কষেছে।
গরফা এলাকার বাসিন্দা অমুক্তা মণ্ডল (৬৫) কয়েকদিন আগে ইনস্টাগ্রাম ঘাঁটছিলেন। তাঁর চোখে পড়ে আইফোনের নতুন মডেল ও অলঙ্কারের উপর বিশেষ ছাড় চলছে। সস্তায় এই সামগ্রী মিলবে। বিজ্ঞাপন দেখে সেখানে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করেন। আসলে এটি যে সাইবার জালিয়াতদের ফাঁদ তা তিনি বুঝতে পারেননি। তাঁর সঙ্গে এই ফোন ও জুয়েলারির বিষয়ে কথা হয়। প্রতারকরা জানায়, অনলাইনে পেমেন্ট করতে হবে। টাকা জমা পড়ার কিছুক্ষণের মধ্যেই বাড়িতে পৌঁছে যাবে সমস্ত জিনিস। তাঁকে কয়েকটি অ্যাকাউন্টের নম্বর দেওয়া হয়। সেইমতো সেখানে টাকা ট্রান্সফার করেন। সবমিলিয়ে চার লক্ষের কাছাকাছি টাকা পেমেন্ট করে বসেন। তারপরেও জিনিস না পাওয়ায় অভিযুক্তদের নম্বরে ফোন করলে আর পাননি। কয়েকদিন কেটে গেলেও কিছু না পেয়ে বুঝতে পারেন, প্রতারণার শিকার হয়েছেন। এরপরই তিনি গরফা থানায় লিখিত অভিযোগ করেন। যে সমস্ত অ্যাকাউন্টে টাকা গিয়েছিল তার নথি দেন পুলিশকে। যে অ্যাকাউন্টগুলিতে টাকা গিয়েছে তদন্তে নেমে পুলিশ সেগুলির নথি সংশ্লিষ্ট ব্যাংকগুলির কাছে চেয়ে পাঠাচ্ছেন। সেখান থেকে জানা যাবে অ্যাকাউন্টগুলি কাদের নামে ও কবে খোলা হয়েছিল। অ্যাকাউেন্টের তথ্য হাতে এলে সেগুলি ফ্রিজ করার পথে এগবে পুলিশ।



