ভারতকে ২৪ রানে হারাল ওয়েস্ট ইন্ডিজ, ৫ উইকেট নিলেন পল,  সিরিজ ২-২
  • ১৪ অক্টোবর, ২০২৬ ২৩:১৭
Prefer us on Google

হায়দরাবাদ, ১৪ অক্টোবর: ভারতকে ২৪ রানে হারিয়ে জয়ী হল ওয়েস্ট ইন্ডিজ। ফলে সিরিজ এই মুহূর্তে ২-২। কোন দল এই সিরিজ জিতবে তার ফয়সালা হবে পঞ্চম টি২০ ম্যাচে। যেটি হবে আগামী ১৭ তারিখ বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী মাঠে। আজ, বুধবার চতুর্থ টি২০ ম্যাচে মুখোমুখি হয় ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ। এদিন হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক শ্রেয়স আইয়ার। প্রথমে ব্যাট করতে নামে ক্যারিবিয়ানরা। ৪.২ ওভারে অক্ষর প্যাটেলের বলে এলবিডব্লু হন জুয়েল অ্যান্ড্রু (২১)। ৩৩ রানের মাথায় প্রিন্সের বলে আউট হন হেটমায়ার। এরপর ২৪ রান করে প্যাভিলিয়নে ফিরে যান পাওয়েল। দুরন্ত ইনিংস খেলেন কিপার অধিনায়ক সাই হোপ। ৫০ বলে ১০২ রান করে অপরাজিত থাকেন। মারেন ৯টি ছয় এবং ৪টি চার। তাঁকে যোগ্যসঙ্গত দেন রাথফোর্ড। মাত্র ২৬ বলে ৪৯ রানে তিনিও অপরাজিত থাকেন। নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৪৭ রান তোলে ক্যারিবিয়ান টিম। ভারতের হয়ে ১টি করে উইকেট নেন অক্ষর, প্রিন্স এবং অর্শদীপ।

Advertisement

জয়ের জন্য ২৪৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নামে টিম ইন্ডিয়া। ২৩ বলে ৫৬ রানে বিধ্বংসী ইনিংস খেলেন ওপেনার সঞ্জু স্যামসন। ৬ রানে ফিরে যান ঈশান। ১৬ রানে ফিরে যান শ্রেয়স আইয়ারও। ২৯ রানের মাথায় আউট হন অভিষেক। ১১.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে দলের রান তখন ১৩০। ০ রানে স্ট্যাম্প আউট হন নমন। ৪৩ রানে আউট হন তিলক। নীতীশও ৪১ রানে ফিরে যান। এরপর আর কেউই জ্বলে উঠতে পারেননি। প্রিন্স (০), অক্ষর (৩) রানে আউট হন। ৫ রানের মাথায় চোট পেয়ে মাঠ ছাড়েন অর্শদীপ। ফলে ১৯.৩ ওভারেই অলআউট হয়ে যায় ভারত। ওয়েস্ট ইন্ডিজ জয়ী হয় ২৪ রানে। ৫ উইকেট নেন কেমো পল। ২টি নেন মোতি। ১টি করে উইকেট আসে স্প্রিঙ্গার এবং শেফার্ডের ঝুলিতে।