Bartaman Logo
১৪ জুন, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

কাজের সময় সেজেগুজে রিল?

পরনে উর্দি। ব্যস্ত কাজের সময়। অথচ তার মধ্যেই মুখে চড়া মেকআপ। কানে-গলায় গয়না পরে রিল বানাতে ব্যস্ত ছিলেন মহিলা পুলিসকর্মীরা। রিল বানিয়ে সামাজিক মাধ্যমে পোস্টও করেছিলেন।

কাজের সময় সেজেগুজে রিল?
  • ১২ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

পরনে উর্দি। ব্যস্ত কাজের সময়। অথচ তার মধ্যেই মুখে চড়া মেকআপ। কানে-গলায় গয়না পরে রিল বানাতে ব্যস্ত ছিলেন মহিলা পুলিসকর্মীরা। রিল বানিয়ে সামাজিক মাধ্যমে পোস্টও করেছিলেন। তাতেই টনক করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের। চড়া মেকআপ করে ডিউটিতে আসা যাবে না— বিহার পুলিসের সদর দপ্তর থেকে এমন নির্দেশিকাই সম্প্রতি জারি করা হয়েছে মহিলা পুলিসকর্মীদের জন্য। পুলিস বাহিনীতে শৃঙ্খলা বজায় রাখার জন্য এডিজি (আইনশৃঙ্খলা) পঙ্কজ দারাদ এই নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, কর্তব্যরত অবস্থায় কোনও পুলিসকর্মী তাঁর পোশাক যেমন ইচ্ছে তেমন পরতে পারেন না। তার সঙ্গে চড়া মেকআপও কাম্য নয়। এধরনের কাজ কেউ করলে তাঁকে যথাযথ শাস্তির মুখে পড়তে হবে। মহিলা পুলিসকর্মী ব্যতীত অন্য কর্মীরাও অনেক সময় সামাজিক মাধ্যমে রিল বানিয়ে সার্ভিস রিভলবার প্রদর্শন করেন। এটাও শাস্তিযোগ্য অপরাধ। অনেক কর্মী আবার অন ডিউটি ব্লুটুথ ডিভাইসে গান শোনেন বা ব্যক্তিগত ফোন করেন, এগুলোও নিয়মের খেলাপ হিসেবে ধরা হবে বলে জানানো হয়েছে নির্দেশিকায়। এইসব ক্রিয়াকলাপ আসল কাজ থেকে মনকে দূরে রাখে। এতে আদতে কাজ পণ্ড হয়, দাবি ওই নির্দেশিকায়। এর আগেও বিহার পুলিস পোশাকবিধি, মোবাইল সংক্রান্ত নিয়ম এবং কর্তব্যরত অবস্থায় ভিডিও কল করা নিয়ে নির্দেশিকা এনেছে। তবে মেকআপ করা বা গয়না পরা নিয়ে আপত্তি এই প্রথম। কারণ হিসেবে বলা হচ্ছে, পুলিস বাহিনীতে নারী-পুরুষ নির্বিশেষ অনেকেই কাজে ফাঁকি দিয়ে রিল নিয়ে মেতে থাকছেন। কর্তৃপক্ষের বিষয়টি চোখে পড়েছে। এতদিন কোনও ব্যবস্থা নেওয়া না হলেও এবার তাঁদের চিহ্নিত করা হবে এবং প্রয়োজনে শাস্তি দেওয়া হবে। কারণ তা না হলে পুলিসকর্মীদের মধ্যে কোনও শৃঙ্খলা রক্ষা করা যাবে না। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ