দেশজুড়ে সাইবার প্রতারণার জাল! কোটি কোটি টাকার লেনদেন, গ্রেপ্তার আইনজীবী
  • ২৫ অক্টোবর, ২০২৬ ০৯:২৯
Prefer us on Google

নয়াদিল্লি, ২৫ অক্টোবর: ডিজিটাল অ্যারেস্টের নামে প্রতারণা থেকে শুরু করে বিপুল অঙ্কের আর্থিক লেনদেন, দেশজুড়ে ছড়িয়ে থাকা এক কথিত সাইবার অপরাধ। আর ঠিক এই চক্রেরই তদন্তে বড়সড় পদক্ষেপ নিল ইডি। এই মামলায় রশেশ উপাধ্যায় ওরফে রশেশ শাহ নামে এক আইনজীবীকে গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। 

Advertisement

গতকাল মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে দিল্লিগামী বিমানে ওঠার আগে তাঁকে আটক করে পানাজির ইডির একটি দল। পরে গোয়ায় নিয়ে গিয়ে বিশেষ আদালতে পেশ করা হলে ২৯ অক্টোবর পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দেওয়া হয় অভিযুক্তকে।
ইডি মারফত জানা গিয়েছে, এই চক্রের মাধ্যমে প্রায় ২৮ হাজার কোটি টাকার ব্যাঙ্ক লেনদেন হয়েছে। পাশাপাশি প্রায় ২,৯০০ কোটি টাকা নগদ জমা পড়েছে। তদন্তকারীদের দাবি, সাইবার অপরাধে যুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেলে আঙ্গাড়িয়া নামে পরিচিত নগদ লেনদেনকারীদের মাধ্যমে ঘুষ দিয়ে সেগুলি খোলানোর ব্যবস্থা করতেন অভিযুক্ত। ২০২৫ সালের মে মাসে গোয়ার এক মহিলাকে ডিজিটাল অ্যারেস্টের ভয় দেখিয়ে ২.৬০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়। ইডির দাবি, ওই টাকা প্রায় ৪০০টি মিউল অ্যাকাউন্টে পাঠানো হয়েছিল। তদন্তকারীদের তথ্য অনুযায়ী, ২০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ৩০০-রও বেশি অভিযোগ এবং ১৬০টিরও বেশি এফআইআরের সঙ্গে এই নেটওয়ার্কের যোগ রয়েছে। প্রতারণায় ক্ষতির পরিমাণ ৪০০ কোটি টাকারও বেশি। এই চক্রের সঙ্গে কারা কারা যুক্ত তা খতিয়ে দেখছে ইডি।