


গরমের শুরুটাই হোক পাতে পোস্ত নিয়ে। হালকা অথচ স্বাদু রান্না চাইলে এই উপকরণটির জুড়ি মেলা ভার।
পটল পোস্ত
উপকরণ: কচি পটল ২৫০ গ্রাম, মাঝারি সাইজের আলু ২টি, ছোটো সাইজের পেঁয়াজ ১টি, কাঁচালংকা ২টি, শুকনো লংকা ১টি, কালোজিরে ফোড়নের মতো, শুকনো লংকার গুঁড়ো স্বাদমতো, সরষের তেল প্রয়োজন মতো, নুন স্বাদমতো, পোস্ত ৪ টেবিল চামচ।
প্রণালী: পটলের খোসা কিছুটা করে ছাড়িয়ে সরু লম্বা করে কেটে নিন। আলুর খোসা ছাড়িয়ে ছোট টুকরোয় কেটে নিন। পেঁয়াজ মিহি করে কুচিয়ে নিন। শুকনো লংকা যোগ করে পোস্ত মোলায়েম করে বেটে নিন। কড়াইতে সরষের তেল গরম করে নুন দিয়ে আলু ভেজে তুলে নিন। ওই তেলে পটলও ভেজে তুলে নিন। আরও কিছুটা তেল যোগ করে তাতে চেরা কাঁচালংকা ও কালোজিরে ফোড়ন দিন। সুগন্ধ উঠলে পেঁয়াজ কুচি দিয়ে মাঝারি আঁচে নুন যোগ করে ভাজুন। পেঁয়াজে লাল রং ধরলে ভাজা পটল ও আলু যোগ করুন। পোস্ত বাটায় কাপ মতো জল যোগ করে কড়াইতে ঢেলে দিন। তারপর ঢাকা দিয়ে মৃদু আঁচে রান্না হতে দিন। মাঝে ঢাকা সরিয়ে নাড়াচাড়া করে নেবেন। জল শুকিয়ে এলে শুকনো লংকার গুঁড়ো ও সরষের তেল যোগ করে দু’মিনিট অপেক্ষা করে নামিয়ে নিন।
মুরগি পোস্ত কাবাব
উপকরণ: বোনলেস চিকেন ২৫০ গ্রাম, আদা রশুন বাটা ১ টেবিল চামচ, কাঁচালংকা বাটা ১ চা চামচ, পোস্ত বাটা ৩ টেবিল চামচ, কাজুবাদাম বাটা ১ টেবিল চামচ, কাঁচা লংকা কুচি স্বাদমতো, সাদা সরষে বাটা চা চামচ, পেঁয়াজ কুচি কাপ, নুন স্বাদমতো, টক দই ১ চা চামচ, সরষের তেল ২ টেবিল চামচ, সাদা তেল প্রয়োজন মতো, লেবুর রস প্রয়োজন মতো।
প্রণালী: বোনলেস চিকেন ছোটো টুকরো করে কেটে নিন। চিকেনে নুন, দই, আদা রশুন বাটা, কাঁচালংকা বাটা মাখিয়ে এক ঘণ্টা রেখে দিন। কড়াইতে পরিমাণ মতো সরষের তেল গরম করে পেঁয়াজ ভেজে নিন। ভাজা পেঁয়াজে কাঁচালংকা কুচি, পোস্ত বাটা, সরষে বাটা ও কাজুবাদাম বাটা যোগ করে নাড়াচাড়া করুন। একটু নেড়ে ম্যারিনেট করা চিকেন মশলায় যোগ করুন। ক্যাপসিকাম চৌকো টুকরো করে কেটে নিন। চিকেন ও ক্যাপসিকাম শিকে গেঁথে নিন। তাওয়ায় তেল গরম করে চিকেন গাঁথা শিক দু’টিকে এপিঠ ওপিঠ উলটে পালটে বাদামি রং ধরিয়ে ভেজে নিন। লেবুর রস ছড়িয়ে পরিবেশন করুন।
পোস্ত পোড়া
উপকরণ: পোস্ত ৬ টেবিল চামচ, পেঁয়াজ কুচি কাপ, শুকনো লংকা ১টি, কাঁচালংকা কুচি ১ টেবিল চামচ, নুন স্বাদমতো, সরষের তেল ৪ টেবিল চামচ।
প্রণালী: শুকনো লংকা যোগ করে পোস্ত মোলায়েম করে বেটে নিন। ২ টেবিল চামচ সরষের তেল, পরিমাণ মতো নুন ও লংকা কুচি যোগ করে পোস্ত ভালো করে মেখে নিন। ছোটো ননস্টিক প্যানে মাখা পোস্ত রান্না হতে দিন ঢিমে আঁচে। পোস্তর নীচের দিকে বাদামি রং ধরলে উলটে দিন। ওপর দিকটাতে বাদামি রং ধরিয়ে নিন। বাকি সরষের তেল যোগ করে নামিয়ে নিন।
চিংড়ি পোস্ত
উপকরণ: ছোটো চিংড়ি ২৫০ গ্রাম, পোস্ত ৩ টেবিল চামচ, শুকনো লংকা ১টি, কাঁচালংকা বাটা ১ চা চামচ, গোটা কাঁচালংকা ২টি, পেঁয়াজ কুচি ৩ টেবিল চামচ, মাঝারি সাইজের আলু ১টি, কালো জিরে সামান্য, সরষের তেল ও হলুদ প্রয়োজন মতো, নুন স্বাদমতো।
প্রণালী: চিংড়ির খোসা ছাড়িয়ে পিঠের ময়লা ফেলে ধুয়ে নিন। তাতে নুন হলুদ মাখিয়ে নিন। আলুর খোসা ছাড়িয়ে ছোটো টুকরো করে কেটে নিন। পোস্ত শুকনো লংকা দিয়ে মোলায়েম করে বেটে নিন। কড়াইতে সরষের তেল গরম করুন। চিংড়িগুলো মাঝারি আঁচে সামান্য নেড়েচেড়ে নরম করে ভেজে নিন। এই তেলে আরও কিছুটা তেল যোগ করে আলু নুন দিয়ে ভেজে তুলে নিন। কড়াইয়ের তেলে চেরা কাঁচালংকা ও কালোজিরে ফোড়ন দিন। সুগন্ধ উঠলে পেঁয়াজ কুচি দিয়ে হালকা লাল রং ধরিয়ে ভেজে নিন। ভাজা আলু ও চিংড়ি মাছ যোগ করুন। কড়াইতে পোস্ত বাটা দিয়ে অর্ধেক কাপ জল ও পরিমাণ মতো নুন যোগ করুন। ঢাকা দিয়ে মিনিট দশেক রান্না হতে দিন। আলু সেদ্ধ হয়ে তরকারি গা মাখা হলে কাঁচা তেল ছড়িয়ে নামিয়ে নিন।
শ্রাবণী রায়