ব্যবসায়িক সামগ্রী কেনার লোভ দেখিয়ে প্রতারণা, বিপুল টাকা খোয়ালেন যুবক
  • ৬ নভেম্বর, ২০২৬ ১৭:৩১
Prefer us on Google

সংবাদদাতা, ময়নাগুড়ি: সরকার থেকে সাবধান করার পরেও প্রতারকরা জালিয়াতির বিভিন্ন উপায় বের করছে। এবার কম দামে ব্যবসায়িক সামগ্রী কেনার লোভ দেখিয়ে প্রতারণার অভিযোগ উঠল। প্রতারণার পাল্লায় পড়ে ময়নাগুড়ির এক যুবকের কাছ থেকে খোয়া গেল ১ লক্ষ ৪৪ হাজার টাকা। জালিয়াতির শিকার হয়েছেন বুঝতে পেরে আজ, শুক্রবার ময়নাগুড়ি থানার সাইবার সহায়তা কেন্দ্রে এসে তিনি অভিযোগ দায়ের করেছেন। সাইবার সহায়তা কেন্দ্রের আধিকারিক বলেন, ‘এই ঘটনায় ভিন রাজ্যের যোগ থাকতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’ অভিযোগকারী যুবক রানা সাহা বলেন, ‘তার কাছে ফোন রাজস্থান থেকে এসেছিল।’ 

Advertisement

অভিযোগ, সেদিন হঠাৎ করেই রানার মোবাইলে একটি ফোন আসে। ফোনের অপর প্রান্তে থাকা এক ব্যক্তি তাঁকে বলেন আপনার নম্বর আমরা পেয়েছি। আপনি যে ব্যবসাটি করেন সেই প্লাস্টিকের সামগ্রীর কিছু স্যাম্পেল আপনাকে দেখাচ্ছি। দাম কম রয়েছে, পছন্দ হলে নেবেন। পরবর্তীতে অনলাইনে বিভিন্ন সামগ্রীর ছবি পাঠান ও দাম দেখান অভিযুক্ত। এরপর শুরু হয় অনলাইন প্রতারণা।

 রানা বলেন, ‘কয়েকদিন আগে প্রথম ম্যাসেজ এসেছিল। আমি গুরুত্ব না দেওয়ায় সেদিন অভিযুক্ত ফোন করেন। এরপর ব্যবসায়িক সামগ্রীর কিছু স্যাম্পেল এবং দাম বলেন। সামগ্রীর দাম বেশ কম থাকায় আমি রাজি হয়ে যাই। তাঁকে অনলাইন ৫০ হাজার টাকা পাঠানো হয়। এরপর তিনি ট্রান্সপোর্টের টোকেন আমাকে পাঠান। তিনি বলেন সামগ্রী লোড হয়ে গিয়েছে। এখন পুরো টাকা পাঠাতে হবে। আমি কয়েক ধাপে মোট ১ লক্ষ ৪৪ হাজার টাকা অভিযুক্তকে পাঠাই। এরপর সেই সামগ্রী কিন্তু আমার কাছে আসেনি। গত সোমবার থেকে অভিযুক্তের মোবাইলও বন্ধ রয়েছে। প্রতারণার শিকার হয়েছি বুঝতে পেরেই প্রশাসনের দ্বারস্থ হয়েছি। আমি একজন ছোট ব্যবসায়ী। কি করব তা বুঝে উঠতে পারছি না।’