


বাঙালি কন্যের চোখ এমনিতেই নাকি কাজলকালো। সে চোখের প্রশংসা কাব্যে, সিনেমায় সর্বজনবিদিত। প্রাণের শারদোৎসবে কাজলের সাজ থাকবে না, তা আবার হয় নাকি? সারা বছরই কাজল মেয়েদের অন্যতম প্রসাধন। উৎসবের দিনগুলোয় হয়তো খানিক কায়দা বদলে যায়। কিন্তু সঠিকভাবে পরতে না জানলে কখনও ভালো দেখাবে না। ছোট ছোট কয়েকটি বিষয় মনে রাখলেই কাজলকালো চোখের সাজে আপনি থাকবেন লাইমলাইটে।
কোন কাজল কিনবেন
বাজারে অনেক ধরনের কাজল পাওয়া যায়। আপনার জন্য কোনটা উপযুক্ত সেটা জেনে নিন। প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিন। সরু করে কাজল পরার শখ থাকলে পেন্সিল কাজল ব্যবহার করুন। সেটা আপনার মুখে মানাবে কি না, তা নিশ্চিত হয়ে নিন। এই ধরনের কাজল ওয়াটারপ্রুফ এবং ক্রিমি ফিনিশও বাজারে পাওয়া যায়। আবার সলিড অথবা সেমি সলিড টেক্সচারে ছোট কৌটোয় কাজল পাওয়া যায়। তা আঙুলে করে নিয়ে লাগাতে হয়। প্রয়োজন মতো ব্লেন্ড করে নিতে পারবেন। দীর্ঘক্ষণ কাজল পরে থাকার প্রয়োজন হলে জেল কাজল ব্যবহার করুন।
কাজল পরবেন কীভাবে
দৈনন্দিনের অভ্যাস কাজল। ব্যস্ত সময়ের মধ্যে সাজের সহজ সমাধান। কিন্তু তাড়াহুড়োয় তা ঘেঁটে যায় প্রায়ই। তাই কাজল পরার আগে কয়েকটি বিষয় মাথায় রাখুন।
• অয়েল ফ্রি ফাউন্ডেশন বা প্রাইমার দিয়ে চোখের বেস মেকআপ আগে করে নিন। তারপর কাজল পরবেন। প্রাইমার না লাগালে কাজল দীর্ঘক্ষণ স্থায়ী হবে না। মেকআপ রিমুভারের সাহায্যে চোখের ময়লা পরিষ্কার করে তবে কাজল অ্যাপ্লাই করুন।
• একটানে কাজল না পরে ছোট স্ট্রোকে কাজল লাগান। একটানে সব সময় ভালো হয় না। কারণ হাত নড়লেই ধেবড়ে যেতে পারে। চোখের ভিতর কাজল ঢুকে ক্ষতিও হতে পারে।
• চোখের বাইরের দিক থেকে কাজল পরা শুরু করুন। অর্থাৎ আউটার কর্নার থেকে শুরু করে ইনার কর্নারে কাজল মিলিয়ে দিতে হবে।
• স্মোকি এফেক্ট অনেকেই পছন্দ করেন। সব ধরনের পোশাক বা মুখের সঙ্গে যদিও তা মানানসই নয়। তবে কাজলের সাহায্যে স্মোকি এফেক্ট তৈরি করতে হালকা হাতে স্মাজ করে নিতে পারেন। এছাড়াও কাজল পরা হয়ে গেলে উপর দিয়ে ব্রাউন আইশ্যাডো বুলিয়ে নিন। স্মাজ এফেক্ট আসবে এতে।
• চোখের উপরের পাতায় আইলাইনারের বদলে কাজল পরতে ভালোবাসেন অনেকে। এক্ষেত্রে প্রথমে সরু লাইন টেনে নিন। এরপর প্রয়োজনমতো স্মাজ করে দিন। অথবা ছোট স্ট্রোকে আইলাইনারের মতো করে কাজল টেনে দিতে পারেন।
• কালোর পরিবর্তে ব্রাউন শেডের কাজল ব্যবহার করলে তুলনায় চোখ বড় দেখতে লাগে।
• কাজল ব্যবহারের পর পাউডার ব্রাশ দিয়ে ঝেড়ে ফেলুন। এতে অপ্রয়োজনীয় কাজল মুছে ফেলা যাবে। এরপর সামান্য কমপ্যাক্ট দিয়ে চোখের নীচের অংশ সেট করে নিন। এবার পুজোর সাজের রুটিনে কাজলই তাহলে হোক আপনার সেরা বাজি।
স্বরলিপি ভট্টাচার্য