৫০ বছরে ৬ কিলোমিটার গতিপথ বদল গঙ্গার! মালদহে ভয়াবহ বিপর্যয়ের আশঙ্কা,খতিয়ে দেখলেন মুখ্যসচিব
  • ২৫ অক্টোবর, ২০২৬ ১২:৩০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, মালদহ: মালদহের দিকে ক্রমশ এগিয়ে আসছে বড় বিপর্যয়ের আশঙ্কা। গত ৫০ বছরে প্রায় ৬ কিলোমিটার গতিপথ পরিবর্তন করেছে গঙ্গা। বর্তমানে গঙ্গা ও ফুলহার নদীর মধ্যে দূরত্ব কমে দাঁড়িয়েছে মাত্র সাড়ে ৭৫০ মিটারে। পরিস্থিতির এভাবে পরিবর্তন চলতে থাকলে আগামী ৬-৭ বছরের মধ্যে দুটি নদী মিশে যেতে পারে। আর তেমনটা হলে মালদহ শহর থেকে রতুয়া বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। ক্ষতিগ্রস্ত হতে পারে রেললাইন ও জাতীয় সড়কও। রবিবার সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখে এমনই উদ্বেগের কথা জানালেন রাজ্যের মুখ্যসচিব মনোজ আগরওয়াল।

Advertisement

এদিন মালদহের নদীভাঙন ও বন্যা পরিস্থিতি পরিদর্শন করেন মুখ্যসচিব। গঙ্গা, ফুলহার ও কোশি নদীর গতিপথ খতিয়ে দেখেন তিনি। অতীতে নদীগুলি কোন পথে প্রবাহিত হত এবং বর্তমানে তাদের গতিপথ কীভাবে বদলেছে, তা পর্যালোচনা করা হয়। এদিন, নদীগুলির গতিপথের এই পরিবর্তন ভবিষ্যতে কতটা বিপজ্জনক হয়ে উঠতে পারে, সেই বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখেন তিনি। সমস্যার স্থায়ী সমাধান প্রসঙ্গে মুখ্যসচিব স্পষ্ট জানিয়েছেন, এই পরিস্থিতি মোকাবিলা করা রাজ্য সরকারের একার পক্ষে সম্ভব নয়। এর জন্য ঝাড়খণ্ড ও বিহারকেও একসঙ্গে নিয়ে এগোতে হবে। তাঁর কথায়, প্রথমে কীভাবে সমস্যার সমাধান করা সম্ভব, সেই পথ খুঁজে বের করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। অর্থের বিষয়টি পরবর্তী পর্যায়ে বিবেচনা করা হবে। 

মুখ্যমন্ত্রীর নির্দেশে সরেজমিনে পরিস্থিতি পরিদর্শনের পর এবার মালদহের ভূতনির সমস্যা সমাধানে স্থায়ী পরিকল্পনা তৈরির উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার। সেই লক্ষ্যে মালদহে একটি উচ্চপর্যায়ের বৈঠক করা হবে বলে জানিয়েছেন মুখ্যসচিব। বৈঠকে ভার্চুয়ালি যোগ দেবেন কানপুর আইআইটির বিশেষজ্ঞরা। পাশাপাশি ভূতনির সমস্যা সমাধানের উপায় খুঁজতে ইন্ডিয়ান রিভার ইনস্টিটিউটের বিশেষজ্ঞদেরও পরামর্শ নিচ্ছে রাজ্য সরকার।

নদীর গতিপথ পরিবর্তনের জেরে মালদহের বিস্তীর্ণ অঞ্চলে ভবিষ্যতে কী ধরনের বিপর্যয় দেখা দিতে পারে, তা নিয়ে উদ্বেগ বাড়ছে। গঙ্গা ও ফুলহারের ক্রমশ কাছাকাছি চলে আসা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। তাই বড় বিপর্যয় এড়াতে নদীর গতিপথ বিশ্লেষণ করে দ্রুত কার্যকর ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা তৈরি করাই এখন রাজ্য সরকারের কাছে বড় চ্যালেঞ্জ।