সিঁদুরখেলার ব্যস্ততার মাঝেই সোনার হার গায়েব, শিল্পাঞ্চলে অপারেশনে ওড়িশা গ্যাং
  • ২৫ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সুমন তেওয়ারি, আসানসোল: বিজয়া দশমীর বির্সজনে সিঁদুর খেলায় মাতলেন মহিলারা। আনন্দ উৎসবে বাছবিচার নয়, অপরিচিতদের সঙ্গেও সিঁদুর খেলায় মেতে ওঠেন ঘরণীরা। গা ভরতি থাকে গয়না। এই সুযোগই কাজে লাগাল ভিনরাজ্যের কেপমাররা। শিল্পাঞ্চলের একাধিক মহিলার হার লুট করল গ্যাংয়ের মহিলা সদস্যরা। তাদের ‘অপারেশন’ মণ্ডপের সিসি ক্যামেরায় ধরা পড়েছে। যা নিয়ে পুজোর মধ্যে উদ্বেগে ছিল পুলিশ।

Advertisement

পুলিশ কমিশনার প্রণব কুমার বলেন, কমিশনারেট এলাকায় তিনটি লিখিত অভিযোগ হয়েছে। বেশকিছু মহিলার গয়না কেপমারি করে লুট করা হয়েছে। আমরা তদন্ত শুরু করেছি। জানতে পেরেছি বাঁকুড়া জেলা পুলিশ ওড়িশার মহিলা সহ ১৪জন কেপমারের একটি দলকে গ্রেপ্তার করেছে। তারা স্বীকার করেছে, আমাদের এখানেও অপারেশন চালিয়েছে ওই গ্যাং। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 
শিল্পাঞ্চলে পুজো সুষ্ঠুভাবে সম্পন্ন করতে চেষ্টার কোনো খামতি রাখেনি পুলিশ। ভোটের সময় অশান্তি এড়াতে প্রিভেনটিভ অ্যারেস্ট করে পুলিশ। দুর্গাপুজোর আগেও তেমনই পদক্ষেপ নিয়েছিল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। শিল্পাঞ্চলে চোর, ছিনতাইবাজ, কেপমার ঩মিলে ২১০০ জনকে পুলিশ পুজোর আগেই প্রিভেনটিভ গ্রেপ্তার করে রেখেছিল। সবই ঠিক ছিল। কিন্তু সুর কাটল দশমী ও তারপরের দিনগুলিতে বিসর্জনের শোভাযাত্রায়। সুকৌশলে একাধিক মহিলার সোনার হার সহ নানা গয়না গায়েব করে দিয়েছে কেপমাররা। হীরাপুর থানা এলাকায় হার চুরির দু’টি অভিযোগ জমা হয়েছে। পুলিশের দাবি, রবীন্দ্রনগর পুজো মণ্ডপে সেই লুটের ফুটেজ সিসি ক্যামেরায় পাওয়া গিয়েছে। 
সিঁদুর খেলার সময় সোনার গয়না পরা মহিলাদেরই ‘টার্গেট’ করে দুষ্কৃতীরা। ভিনরাজ্যের গ্যাংয়ের মহিলারা ধীরে ধীরে চারপাশ থেকে ঘিরে ধরে একে অপরকে সিঁদুর লাগাতে থাকে। সেই ফাঁকেই তাঁর হার কেটে দ্রুত এলাকা ছাড়ে গ্যাংয়ের মহিলারা। সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করেছে পুলিশ। পাশ্ববর্তী জেলাগুলিকেও সতর্ক করা হয়। তারপরই বাঁকুড়া থেকে এই সংক্রান্ত ইনপুট আসে বলে পুলিশ কমিশনারের দাবি। 
শিল্পাঞ্চলে উৎসবের ভিড়ে এতদিন অপারেশন চালাত ব্যান্ডেল গ্যাং। তাদের দলের অভিযুক্তদের ছবি দিয়ে বিভিন্ন পুজো মণ্ডপে টাঙিয়েছিল পুলিশ। যাতে এই ধরনের কোনো মহিলাকে দেখ঩লেই সাধারণ মানুষ সতর্ক হয়ে যায়। পুলিশ তাদের নিয়ে বাড়তি নজরদারিও চালায়। কিন্তু ভিনরাজ্যের মহিলা কেপমারের গ্যাংটি সুযোগ বুঝে ‘অপারেশন’ চালিয়েছে।