প্রয়াত প্রখ্যাত চিত্রশিল্পী যোগেন চৌধুরী
  • ২৫ অক্টোবর, ২০২৬ ১১:৩৪
Prefer us on Google

সংবাদদাতা, বোলপুর: প্রয়াত প্রখ্যাত চিত্রশিল্পী যোগেন চৌধুরী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। তাঁর প্রয়াণে ভারতীয় শিল্পজগতের পাশাপাশি শোকের ছায়া নেমে এসেছে শান্তিনিকেতনেও। বিশ্বভারতীর কলাভবনের সঙ্গে দীর্ঘ কয়েক দশকের সম্পর্ক ছিল তাঁর। শিক্ষক, শিল্পী ও অধ্যক্ষ হিসেবে কলাভবনের শিল্পচর্চায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি। শিল্পী হিসেবে পরিচিতির পাশাপাশি শান্তিনিকেতনের পরিবেশ ও ঐতিহ্য রক্ষার পক্ষেও সরব ছিলেন তিনি। 

Advertisement

রবিবার সকাল ১০টা ১৫ মিনিটে কলকাতার বাইপাস সংলগ্ন একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। গত ১৪ মাস ধরে বিরল ধরনের রক্তের ক্যানসারে আক্রান্ত ছিলেন যোগেন চৌধুরী। চিকিৎসা চলাকালীন মূত্রনালির সংক্রমণের সমস্যায় তাঁকে একাধিকবার হাসপাতালে ভর্তি করাতে হয়। 

১৯৩৯ সালে অবিভক্ত বাংলার ফরিদপুরের দহরপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন প্রখ্যাত চিত্রশিল্পী যোগেন চৌধুরী। তাঁর বাবা প্রমথনাথ চৌধুরী ছিলেন ফরিদপুরের এক জমিদার পরিবারের সদস্য। ছোটবেলা থেকেই ছবি আঁকার প্রতি গভীর টান অনুভব করতেন যোগেন। পারিবারিক পরিবেশেও ছিল শিল্পচর্চার আবহ। কলকাতার সরকারি আর্ট কলেজ থেকে ১৯৬০ সালে পড়াশোনা শেষ করার পর শিল্পকলায় উচ্চশিক্ষার জন্য প্যারিসে পাড়ি দেন তিনি। তবে তাঁর কর্মজীবন শুধু ছবি আঁকার মধ্যেই সীমাবদ্ধ ছিল না। ১৯৭২ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত রাষ্ট্রপতি ভবনের কিউরেটর হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। পরবর্তী সময়ে শান্তিনিকেতনের কলাভবনে অধ্যাপনা করার পাশাপাশি প্রতিষ্ঠানটির প্রধানের দায়িত্বও সামলেছেন।