নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টায় সমস্ত জেলা পুলিশ সুপার, পুলিশ কমিশনার-সহ রাজ্য পুলিশের পদস্থ কর্তাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন ডিজি রাজীব কুমার। দিল্লি বিস্ফোরণের প্রেক্ষাপটে এটি ভীষণ গুরুত্বপূর্ণ। মনে করছে প্রশাসনিক মহল। রাজ্য পুলিশের সদর দপ্তর ভবানী ভবন থেকে ডিজি এই ভার্চুয়াল কনফারেন্স করবেন।
সূত্রের খবর, বৃহস্পতিবারও নবান্নে ডিজি একটি বৈঠক করেন। সেখানে দীঘার জগন্নাথ মন্দির এবং রাজ্যের অন্যান্য পর্যটন কেন্দ্রে নজরদারি বৃদ্ধি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। একই সঙ্গে কথা হয়েছে খেলার মাঠ, স্টেডিয়াম-সহ সমস্ত জনবহুল এলাকাতেও বিশেষ নজরদারি নিয়ে। কোনও বিশেষ খবর পাওয়ামাত্রই তা দ্রুততার সঙ্গে সংশ্লিষ্ট অফিসারদের জানাতে বলা হয়েছে। এছাড়া বিশেষভাবে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে সীমান্তবর্তী এলাকার থানাগুলিকে।