নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সাতসকালে গার্ডেনরিচ ফ্লাইওভারে ভয়াবহ বাইক দুর্ঘটনা! তাতেই মৃত্যু হল ষোল বছরের কিশোরের। মৃতের নাম রাজব আলি আনসারি। এতে গুরুতর জখম হয়েছে আরও দুই কিশোর, যাদের বয়স ১৪ বছর করে। তাদের একবালপুরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃত ও জখম সবাই একবালপুর ও খিদিরপুরের বাসিন্দা বলে জানা গিয়েছে। প্রাথমিক তদন্তে কলকাতা পুলিশ জানতে পেরেছে, শীতের সকালে ফাঁকা গার্ডেনরিচ ফ্লাইওভারে কুলিং টাওয়ারের কাছে বিনা হেলমেটে রেসিং করতে গিয়েই নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর জখম অবস্থায় তিন কিশোরকে একবালপুরের বেসরকারি হাসপাতালে নিয়ে
যাওয়া হয়। সেখানে চিকিৎসক রাজবকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিকভাবে জানা গিয়েছে, সাতসকালে পুলিশি নজরদারি কম থাকে। সেই সুযোগে ওই তিন নাবালক বাইক রেসিংয়ে নেমেছিল।



