জেলের মধ্যে মাদকের ভাগ নিয়ে বিবাদের জেরেই খুন হন আলি
  • ২৮ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জেলের মধ্যে মাদক দ্রব্যের ভাগ নিয়ে মাদক মামলায় অভিযুক্ত মহম্মদ আলির সঙ্গে অন্য বন্দিদের গোলমাল হয়েছিল। সেই বিবাদ থেকেই খুন। মহম্মদ আলির খুনের ঘটনার তদন্তে নেমে এমনই তথ্য হাতে এসেছে পুলিশের। শুক্রবার প্রেসিডেন্সি কেন্দ্রীয় সংশোধনাগারে যান ফরেনসিক বিশেষজ্ঞরা। সেখান থেকে নমুনা সংগ্রহ করেন। তবে জেলের ভিতর কীভাবে নেশার দ্রব্য ঢুকত, তা নিয়ে প্রশ্ন উঠেছে। 

Advertisement

বৃহস্পতিবার সন্ধ্যায় জেলের মধ্যে মাথা থেঁতলে খুন করা হয় মাদক মামলায় অভিযুক্ত মহম্মদ আলিকে। কিন্তু খুনের মোটিভ নিয়ে একাধিক প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল তদন্তকারীদের মনে। সহবন্দিদের সঙ্গে কথা বলে তদন্তকারীরা জানতে পারেন, আলি নিজেও গাঁজার নেশা করত। সেলে অনেকেই তাঁর 
নেশার সঙ্গী ছিল। আলির গ্রুপ একদিকে নেশা করত। অন্য কয়েদিদের নেশার জায়গা ছিল পাশেই। নেশার সামগ্রী নিয়ে কয়েদিদের দুটি গ্রুপের মধ্যে মাঝেমধ্যে ঝগড়া-বিবাদ হত। তদন্তে জানা যাচ্ছে, নেশা করা নিয়ে দুপক্ষের মধ্যে গোলমাল হয় বৃহস্পতিবার। অভিযোগ, মাদকের ভাগ আলি বেশি পেয়েছে এই নিয়ে অন্য গ্রুপের কয়েদিদের সঙ্গে গোলমাল শুরু হয়। এই সময় আলিকে সেলের বাইরে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। তারপর তাঁর মাথায় ভারী বস্তু দিয়ে আঘাত করা হয়। তবে যে জায়গায় খুনের ঘটনা ঘটেছে, সেখানে সিসি ক্যামেরা কাজ করছিল না। সেটি আগে থেকেই খারাপ ছিল, নাকি বৃহস্পতিবার খারাপ করা হয়েছিল, তদন্ত করে দেখা হচ্ছে। সূত্রের খবর, খুনের ঘটনায় জড়িত বেশ কয়েকজন সন্দেহভাজনকে চিহ্নিত করেছেন তদন্তকারীরা। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।