নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাল্যবিবাহের ক্ষেত্রে এখন থেকে পুরোহিত বা কাজির পাশাপাশি বাবা-মায়ের মতো পরিবারের সদস্যদের ভূমিকাও তদন্তে খতিয়ে দেখতে হবে। শুক্রবার দুপুরে আলিপুর বডিগার্ড লাইন্সে কলকাতা পুলিশের মাসিক ক্রাইম কনফারেন্সে সব থানার ওসিদের এই নির্দেশ দেন কলকাতার পুলিশ কমিশনার (সিপি) অজয় নন্দা। চিৎপুর থানার এক বাল্যবিবাহ ও পকসো মামলায় স্বামীর ২০ বছরের সাজার কথা উল্লেখ করে তিনি এই নির্দেশ দেন বলে জানা গিয়েছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের উদ্যোগে দেশজুড়ে চালু হওয়া ‘ওয়ান নেশন ওয়ান নম্বর’ ব্যবস্থায় ডায়াল ১১২ বা ‘ইমার্জেন্সি রেসপন্স সিস্টেম’ ( ইআরএস) –এ কলকাতা পুলিশের রেসপন্স টাইম বর্তমানে ১৬ মিনিট থেকে কমে ৬ মিনিটে নেমেছে। আগামী দিনে এই রেসপন্স টাইম ৫ মিনিটে নামাতে বলেছেন সিপি।
পাশাপাশি এদিন সিপি কলকাতার থানার ওসিদের ‘বিট পেট্রোলিং’ বাড়াতে নির্দেশ দিয়েছেন। তৃণমূল আমলে দীর্ঘদিন কলকাতা পুলিশে নিয়োগ বন্ধ থাকায় কলকাতার থানাগুলিতে পর্যাপ্ত দারোগা এবং কনস্টেবল নেই। পাশাপাশি কলকাতার সিংহভাগ থানার দারোগাদের বিরুদ্ধে অভিযোগ, ‘ডিউটি ছাড়া তাঁরা থানার বাইরে পা রাখেন না!’ বিশেষ করে, থানার আইসিদের রুমে যখন থেকে এসি লাগানো হয়েছে, তারপর থেকেই দারোগাদের এই প্রবণতা দেখা গিয়েছে বলে অভিযোগ ওসিদের একাংশের। ফলে মূলত, হোমগার্ড, সিভিক এবং কনস্টেবলরাই কোনওমতে থানাগুলিতে নমো নমো করে বিট পেট্রোলিং বাঁচিয়ে রেখেছেন।
কলকাতা পুলিশের মহিলা থানার নিস্ক্রিয়তা নিয়েও এদিন বৈঠকে সরব হতে দেখা গিয়েছে সিপিকে। কারণ, পরিসংখ্যানে দেখা যাচ্ছে, সারা বছরে একেকটি মহিলা থানা গড়ে ১০০টি এফআইআরও দায়ের করছে না! তাই সিপি মহিলা থানার ওসিদের বাড়তি দায়িত্ব নিতে বলেছেন। পুলিশের একাংশ স্বীকার করছেন, নির্যাতিতা মহিলাদের সুবিধার জন্য কলকাতা সহ রাজ্যে মহিলা থানা চালু করা হলেও নির্যাতিতারা মহিলারাই থানা এড়িয়ে যাচ্ছেন। কারণ, থানার মহিলা অফিসাররা নির্যাতিতা মহিলাদের সঙ্গে খারাপ ব্যবহার করেন!



