উল্টোডাঙায় গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ৭টি ইঞ্জিন
  • ২৭ নভেম্বর, ২০২৬ ২২:৫১
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ, শুক্রবার সন্ধ্যায় উল্টোডাঙায় একটি গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড। খবর পেয়েই অকুস্থলে পৌঁছয় দমকলের ৭টি ইঞ্জিন। বর্তমানে যুদ্ধকালীন তৎপরতায় চলছে আগুন নেভানোর কাজ। স্থানীয় সূত্রে খবর, এদিন সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ কারখানার শাটারের ভিতর থেকে আচমকাই কালো ধোঁয়া বের হতে দেখা যায়। এরপরই আগুনের লেলিহান শিখা কারখানার অধিকাংশ স্থানে ছড়িয়ে পড়ে। এলাকাবাসীরা আগুন নেভানোর কাজে এগিয়ে আসেন। পাশাপাশি খবর দেওয়া হয় দমকল বাহিনীকেও। তড়িঘড়ি ঘটনাস্থলে আসে দমকল আধিকারিকরাও। ৭টি ইঞ্জিনের সাহায্যে আগুন নেভানোর কাজ শুরু হয়। 

Advertisement

তবে এলাকাবাসীদের দাবি, দমকল কর্মীরা গলিতে ঢোকার সময় সমস্যার মুখে পড়েন। কারণ গলির ভিতর একাধিক গাড়ি পার্কিং করা করা ছিল। এর ফলে সেই সমস্ত গাড়ি সরিয়ে গলির ভিতরে ঢুকতে বেশ কিছুটা দেরি হয় তাঁদের। ততক্ষণে কারখানায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ভিতরে দাহ্য পদার্থ মজুত থাকার ফলেই এমনটা হয়েছে বলে মনে করা হচ্ছে। আপাতত আগুন নেভানোর কাজ চালাচ্ছেন দমকল কর্মীরা। তবে ঠিক কি কারণে আগুন লেগেছে তা এখনো পর্যন্ত জানা যায়নি। প্রাথমিক তদন্তে অনুমান, শর্টসার্কিট থেকেই আগুন লেগে থাকতে পারে। শেষ পাওয়া খবর অনুযায়ী অগ্নিকাণ্ডের জেরে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।