পালাবদলের বাংলায় কলকাতার ১৬টি রাস্তার নাম বদলের ভাবনা, লেনিন সরণি নিয়ে ইঙ্গিত বৈঠকে
  • ২৭ নভেম্বর, ২০২৬ ১৮:৪২
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বদলের বাংলায় একঝাঁক রাস্তা পাবে নতুন নাম। কলকাতার একাধিক রাস্তা, পার্কের নাম পরিবর্তন নিয়ে তৎপর রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর গঠিত নামকরণ কমিটির প্রথম বৈঠক বসে আজ কলকাতা পুরসভায়। বৈঠকে মোট ১৬টি রাস্তার নাম নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। আজকের এই বৈঠকে উপস্থিত ছিলেন কমিটির চেয়ারম্যান স্বামী প্রদীপ্তানন্দ মহারাজ ওরফে কার্তিক মহারাজ, তথাগত রায় সহ কমিটির অন্যান্য সদস্যরা।

Advertisement

বৈঠক শেষে তথাগত রায় জানিয়েছেন, কলকাতা, বিধাননগর এবং উত্তর ২৪ পরগনার বিভিন্ন পুরসভা এলাকার নাম পরিবর্তন নিয়ে আলোচনা হয়েছে। ইতিমধ্যেই বহু আবেদন ও নতুন নামের প্রস্তাব জমা পড়েছে। তবে সিদ্ধান্তের আগে ঐতিহাসিক তথ্য যাচাই ও গবেষণার প্রয়োজন। সেই দায়িত্ব পুরসভাকে দেওয়া হয়েছে। পরবর্তী বৈঠক আগামী ৯ ডিসেম্বর। 
আজ আলোচনায় উঠে এসেছে লেনিন সরণি, বিশ্ব বাংলা সরণি, সত্যজিৎ রায় ধরনী, স্ট্র্যান্ড রোডের নাম। লেনিন সরণির নাম বদলের ইঙ্গিত দিয়েছেন তথাগত রায়। স্ট্র্যান্ড রোডের নতুন নাম সম্রাট শশাঙ্ক সরণি হতে পারে বলেও জানিয়েছেন তিনি। হো চি মিন সরণির নাম অবশ্য বহাল থাকার সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে। এছাড়াও মেট্রো স্টেশনগুলির নাম ব্যক্তিত্বের পরিবর্তে সংশ্লিষ্ট এলাকার নামে রাখার সুপারিশ করবে কমিটি। হাজরা রোডের নামকরণের ইতিহাস জানতে পুরসভার কাছে তথ্য চাওয়া হয়েছে ইতিমধ্যেই।