নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সাতসকালে ফের উত্তপ্ত এসআরএফটিআই। সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে আজ শনিবার ভোরে পুলিশের তরফে পড়ুয়াদের মঞ্চ ভেঙে সড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ। গত ৬২ দিন ধরে ক্যাম্পাসের ভিতরেই ক্যাম্প করে বিক্ষোভ দেখাচ্ছেন পড়ুয়ারা। এদিন আন্দোলনরত পড়ুয়াদের আসবাবপত্র এবং অন্যান্য সামগ্রী পুলিশ দুইটি পিক-অ্যাপ ভ্যানে করে ক্যাম্পাসের বাইরে নিয়ে যায় বলে দাবি পড়ুয়াদের। এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে মারধর এবং হেনস্থার অভিযোগ করছেন তাঁরা।
সূত্র মারফত জানা গিয়েছে, আজ সকাল প্রায় ৬টা নাগাদ বিপুল সংখ্যক পুলিশ ক্যাম্পাসে প্রবেশ করে। এরপর পড়ুয়াদের যে অবস্থান স্থল ছিল তা ভেঙে গুড়িয়ে দেন তাঁরা। পাশাপাশি সমস্ত আসবাবপত্র এবং অন্যান্য সামগ্রী সরিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ। এই ঘটনার প্রতিবাদ করতে গেলে একাধিক পড়ুয়াদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়। বেশ কয়েকজন পড়ুয়াকে টেনেহিঁচড়ে সরিয়ে দেওয়া হয়। ছাত্রীদের হেনস্থা করা হয়েছেল বলে অভিযোগ পুলিশের বিরুদ্ধে। ঘটনার সময়ে মোবাইল ফোনে ছবি ও ভিডিয়ো রেকর্ড করছিলেন কয়েক জন পড়ুয়া। সেই সময় তাঁদের ফোন কেড়ে নেওয়ার চেষ্টা হয় বলে দাবি। ইতিমধ্যেই ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
উল্লেখ্য, সেপ্টেম্বরের শেষ থেকেই দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছিল এসআরএফটিআই। ক্যাম্পাসে ঢুকে বহিরাগতদের হামলার অভিযোগ তুলে আন্দোলন শুরু করেছিলেন পড়ুয়ারা। তার জেরে অচলাবস্থা তৈরি হয়। উপাচার্য সন্তোষ আজমেরার পদত্যাগের দাবি তোলেন আন্দোলনকারী পড়ুয়ারা। ক্যাম্পাস থেকে পুলিশ সরানোর দাবিও তোলেন তাঁরা।



