অটো থেকে উদ্ধার গাঁজা, গ্রেপ্তার দুই
  • ২৮ নভেম্বর, ২০২৬ ০৯:২০
Prefer us on Google

সংবাদদাতা, বারুইপুর: বড়ো সাফল্য। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল বাকুলতলা থানার পুলিশ। এই ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করে তদন্তকারী দল। উদ্ধার হওয়া গাঁজার পরিমাণ প্রায় ৩১.৫০ কেজি। 

Advertisement

পুলিশ মারফত জানা গিয়েছে, গতকাল বাকুলতলা থানার এসআই সান্তনু সরকার পুলিশ বাহিনীকে সঙ্গে নিয়ে সাবিত্রীতলা মোড়ে একটি অটো রিকশায় তল্লাশি চালান। তল্লাশির সময় অটো থেকে মোট ৩০টি প্যাকেটে রাখা প্রায় ৩১.৫০ কেজি গাঁজা উদ্ধার হয়। ঘটনাস্থল থেকেই আসরাফুল লস্কর (৩৬) এবং রবিউল বৈদ্য (৪৬)  নামে দুই ব্যক্তিকে আটক করা হয়। তারপরে তাঁদের গ্রেপ্তার করে তদন্তকারী দল। পুলিশ আরও জানায় একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং ঊর্ধ্বতন পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে সমস্ত আইনি প্রক্রিয়া মেনে তল্লাশি ও বাজেয়াপ্তের কাজ সম্পন্ন করা হয়েছে। এই ঘটনায় বাকুলতলা থানায় একটি মামলা রুজু করা হয়েছে। উদ্ধার হওয়া মাদকের উৎস কোথায় এবং এই চক্রের সঙ্গে আর কারা কারা জড়িত, তা খতিয়ে দেখছে তদন্তকারী দল।