নয়াদিল্লি, ২৮ নভেম্বর: কেন্দ্রের প্রস্তাবিত ডিলিমিটেশন বিলকে সমর্থনের সিদ্ধান্ত নিল তামিলনাড়ুর শাসকদল ডিএমকে। আজ সকালে দলের সাংসদদের বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানান ডিএমকে সাংসদ এ রাজা। সংসদে বিলের পক্ষে থাকার কথা জানিয়েছেন দলের আর এক সাংসদ দয়ানিধি মারানও। আগে জনসংখ্যার ভিত্তিতে লোকসভা আসন পুনর্বিন্যাসের বিরোধিতা করেছিল ডিএমকে। তবে বিলে দেশজুড়ে লোকসভা আসন ৫০ শতাংশ বাড়ানোর প্রস্তাব এবং আসন বৃদ্ধির ক্ষেত্রে ২৫ বছরের স্থগিতাদেশের শর্ত যুক্ত হওয়ায় অবস্থান বদলেছে দলটি।
ডিএমকের দাবি, লোকসভায় আসন বাড়লেও তামিলনাড়ুর প্রতিনিধিত্বের অনুপাত বজায় রাখতে হবে। বর্তমানে সংসদে রাজ্যের আসন ৩৯টি। নতুন বিন্যাসে তা বেড়ে ৫৯ হতে পারে। তবে মোট আসনের নিরিখে রাজ্যের ৭.১৮ শতাংশ প্রতিনিধিত্ব বজায় রাখাই দলের প্রধান দাবি।
গতকাল ডিএমকে প্রধান এম কে স্ট্যালিন জানিয়েছিলেন, তামিলনাড়ুর স্বার্থের সঙ্গে কোনো আপস করা হবে না। ১৯৭১ সালের জনগণনার ভিত্তিতে রাজ্যগুলির মধ্যে আসন বণ্টনের অনুপাত আরও ২৫ বছর অপরিবর্তিত রাখতে হবে বলে জানান তিনি। কংগ্রেসের সঙ্গে রাজনৈতিক দূরত্বের কারণে ডিএমকের অবস্থান বদলেছে, এই অভিযোগও খারিজ করেছে দলটি।



