নয়াদিল্লি: সাড়ে ১১ লক্ষ টাকার ঝাড়বাতি। ৩০ লক্ষের টিভি ইউনিট। ৬ লক্ষ ৭১ হাজার টাকার মন্দির। প্রায় সাড়ে ৫ লক্ষ টাকা দামের টু-সিটার সোফা। দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সরকারি বাসভবনের অন্দরের চিত্র সামনে আসতেই তুমুল শোরগোল শুরু হয়েছে। গত বছর দিল্লির বিধানসভা নির্বাচনের অন্যতম ইস্যু হয়েছিল কেজরিওয়ালের এই ‘বিলাসবহুল’ বাংলো। বিজেপি কটাক্ষ করে নাম দিয়েছিল ‘শিশমহল’। তখনই গেরুয়া শিবির জানিয়েছিল, ক্ষমতায় এলে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে দরজা। সেইমতো শুক্রবার সংবাদমাধ্যমের প্রতিনিধিদের জন্য খুলে দেওয়া হল ৬ ফ্ল্যাটস্টাফ রোডের বাংলোটি। সামনে লাগানো বিশাল আকারের ব্যানারে লেখা রয়েছে এই বাংলো তৈরির খরচের পরিমাণ—৫৮ কোটি ৮৩ লক্ষ ৬৬ হাজার ৩১৪ টাকা। দিল্লি সরকার সূত্রে খবর, আগামী মাস থেকে মাত্র ২০ টাকা টিকিট কেটে সাধারণ মানুষও এই বাড়িতে ঢুকতে পারবেন।
দিল্লি সরকারের দাবি, কেজরিওয়াল ছেড়ে যাওয়ার পর থেকে এই বাড়ির কোনো জিনিস সরানো হয়নি। এদিন সেই বাড়ির ভিতরে ঢুকতেই দেখা মিলল ‘কেজরিওয়ালের ব্যবহৃত’ একের পর এক বিলাসবহুল সামগ্রীর। প্রতিটির পাশে রয়েছে ‘প্রাইস ট্যাগ’। সরকারি সূত্রে খবর, বাংলোর মোট ১১টি টেলিভিশনের দাম ৮২ লক্ষ ৫৬ হাজার টাকা। পরদা কিনতে খরচ করা হয়েছে ১ কোটি ২ লক্ষ টাকা। রয়েছে সাড়ে ৫ লক্ষ টাকা দামের কার্পেট। আড়াই লক্ষ টাকা দামের আলো। এই বাংলোয় মোট আটটি বেডরুম, দু’টি রান্নাঘর, একটি বৈঠকখানা, জিমের পাশাপাশি রয়েছে ১২টি শৌচাগার, জাকুজি এবং স্পা। গত মার্চ মাসে দিল্লি বিধানসভায় কেজরিওয়ালের বাসভবন সংক্রান্ত ক্যাগের রিপোর্ট পেশ হয়েছিল। সেখানে উল্লেখ করা হয়েছে, বাড়িটি সংস্কারের প্রাথমিক বাজেট ছিল ৭ কোটি ৯১ লক্ষ টাকা। শেষ পর্যন্ত খরচ হয়েছিল ৩৩ কোটি ৬৬ লক্ষ টাকা। এর মধ্যে প্রায় ১৯ কোটিই ব্যয় হয়েছিল বিভিন্ন বিলাসবহুল সামগ্রী কিনতে।
দিল্লির মন্ত্রী পরবেশ বর্মার কটাক্ষ, ‘উনি বলতেন সরকারি গাড়ি-বাড়ি ব্যবহার করি না। কিন্তু নিজের জন্য সরকারি বাসভবন তৈরি করতেই খরচ করেছেন ৫৬ কোটি টাকা!’ পালটা আম আদমি পার্টির দাবি, যমুনার দূষণ থেকে নজর ঘোরাতেই কেজরিওয়ালের সরকারি বাসভবনের চিত্র সামনে এনেছে বিজেপি।



