ভোটারদের নথি পুলিশ চাইছে কেন, হাইকোর্টে যেতে বলল  শীর্ষ আদালত
  • ২৮ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি ও কলকাতা: এসআইআর-এ নাম বাদ পড়ায় ট্রাইবুনালে আবেদন করা ভোটারদের নথি কেন চাইছে পুলিশ? যা নিয়ে শুক্রবার সুপ্রিম কোর্টে সরব হন আইনজীবী গোপালশঙ্কর নারায়ণ এবং প্রশান্তভূষণ। তাঁরা বলেন, ২৯ নভেম্বরের মধ্যে যাবতীয় নথি জমা দিতে বলছে কেন পুলিশ? বিষয়টি এদিন ‘উল্লেখ’ করায় প্রধান বিচারপতি সূর্যকান্তর বেঞ্চ জানিয়ে দিয়েছে, কলকাতা হাইকোর্টে বিষয়টি তুলুন। এদিকে এই বিষয়ে নির্বাচন কমিশনে চিঠি দিলেন রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম। তিনি উল্লেখ করেছেন, হঠাৎ করে পুলিশ ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে আধার কার্ড, ভোটার কার্ড, জন্মের শংসাপত্র, জমির কাগজ এবং ২০০২ সালের ভোটার তালিকায় ক্রমিক নম্বর চাইছে। কে এই নির্দেশ দিল, তা কমিশনকে উত্তর দিতে এবং এটা অবিলম্বে বন্ধ করতে হবে। সিইও অফিসের তরফে জানানো হয়েছে, তাদের কিছু জানা নেই। যদিও রাজ্যের এডিজি (আইনশৃঙ্খলা) অজয় রানাডে জানান, এটা নিয়ে এত আলোচনা ও সংশয়ের কিছু নেই। পালটা সাংসদ মহুয়া মৈত্র বলেন, বেআইনি নির্দেশ দেওয়া বন্ধ করুন। পুলিশের অধিকার নেই এই ধরনের নথি চাওয়ার। তবে পুলিশ সূত্রে খবর, ডেটাবেস তৈরি করা হচ্ছে। যাঁদের নাম বাদ পড়েছে, তাঁদের নথি আছে কি না, দেখে নেওয়া হচ্ছে।

Advertisement