সংবিধান সংশোধন বিল: জোট অক্ষুণ্ণ রাখাই চ্যালেঞ্জ ইন্ডিয়ার
  • ২৮ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: এলাকা পুনর্বিন্যাস সংক্রান্ত সংবিধান সংশোধন বিল ঠেকাতে মরিয়া বিরোধীরা। কীভাবে সরকারকে হারানো যায়, স্ট্র্যাটেজি তৈরিতে আজ শনিবার বৈঠকে বসছে মোদি বিরোধী মহাজোট ‘ইন্ডিয়া।’ তার আগে শুক্রবার কংগ্রেস সংসদীয় দলের নেত্রী সোনিয়া গান্ধীর নেতৃত্বে বৈঠক করে কংগ্রেস। সরকারকে চাপে রাখতে কিছু শর্ত সামনে রেখেছে কংগ্রেস। এলাকা পুনর্বিন্যাসের ক্ষেত্রে বর্তমানে লোকসভার যে সংখ্যা রয়েছে, সেটি আগামী ২৫ বছর বহাল রাখতে হবে। বর্তমান সাংসদ সংখ্যার ওপরই ৩৩ শতাংশ মহিলা সংরক্ষণ আইন কার্যকর করতে হবে।  

Advertisement

বৈঠকের পর লোকসভার উপ দলনেতা গৌরব গগৈ বলেন, মোদি-শাহ দেশকে বিভ্রান্ত করছেন। এসআইআরের মাধ্যমে কে ভোট করতে পারে, তা ঠিক হয়েছে। এখন ডিলিমিটেশন করে কে কোথায় ভোট দিতে পারবে, তা ঠিক হবে। কিন্তু যারা ভোটাধিকারই কেড়ে নিয়েছে, তারা কী করে দেশের ভালো ভাবতে পারে? তাই কোনোভাবেই সরকারের ষড়যন্ত্রমূলক এলাকা পুনর্বিন্যাস বিল পাশ করতে দেওয়া হবে না। আগামী সোমবার লোকসভায় বিলটি নিয়ে আলোচনা হওয়ার কথা। কিন্তু এখনও বিলটি সাংসদের মধ্যে বিতরণ না করায় জয়রাম রমেশের মন্তব্য, প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী জুটি এখনও খেলা করে চলেছেন। কেন বিলটি বিতরণ করা হয়নি? 
এদিকে, আজ শনিবার বিরোধীদের বৈঠকে, শারদ পাওয়ার পন্থী এনসিপির শীর্ষ নের্তৃত্ব হাজির থাকবে না বলেই খবর। পাশাপাশি দক্ষিণের দল ডিএমকেও কিছু শর্তের ভিত্তিতে বিলের পক্ষে ভোট দিতে পারে বলে খবর। তাই এমত পরিস্থিতিতে কীভাবে বিরোধী জোট অটুট রেখে ডিলিমিটেশন বিল আটকানো যায়, তা কিছুটা চ্যালেঞ্জ। বিলের বিরুদ্ধে বিজেপি বিরোধীদের ভোট নিশ্চিত করতে সুপ্রিয়া সুলের সঙ্গে কথা বলেছেন রাজ্যসভার নির্দল সাংসদ বিশিষ্ট আইনজীবী কপিল সিবাল। বোঝানোর চেষ্টা করেছেন, বিল পাশ হলে কী খারাপ হতে পারে। স্ট্যালিনের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলেছেন বলেই খবর। আবার একইসঙ্গে ডিএমকে নেতৃত্বের সঙ্গে আলোচনা চালাচ্ছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার। যেভাবেই হোক বিরোধী জোটের সবাই যাতে সোমবার সংসদে থাকেন, এবং ভোটাভুটিতে সরকারকে হারায়, সেটা নিশ্চিত করাই লক্ষ্য কংগ্রেসের। 
যদিও এবার বিরোধীদের সংখ্যা অটুট রাখা কঠিন হবে, মানছে বিজেপি বিরোধী ইন্ডিয়া। গত ১৭ এপ্রিল ডিলিমিটেশন সংক্রান্ত সংবিধান সংশোধন বিলের পক্ষে ভোট পড়েছিল ২৯৮। বিপক্ষে ২৩০। বিল পাশ করাতে দরকার ছিল ৩৫২টি ভোট। এবার বিক্ষুব্ধ তৃণমূলের ২০ জন এনডিএ’র পক্ষে। স্বাভাবিকভাবেই বিরোধী জোটের শক্তি ক্ষয় হয়েছে। তার ওপর ডিএমকে বা শারদ পাওয়ারের দলের কয়েকজন যদি পক্ষে ভোট দেন, বা ভোটদানে বিরত থাকতে ওয়াক আউট করেন, তাহলে ভোটাভুটির সময় মোট সংখ্যা কমে যাবে। 
ফলে সেই সময় যদি এনডিএ’র আস্তিনে থাকা সংখ্যা, সভায় উপস্থিত সদস্য সংখ্যার দুই-তৃতীয়াংশে পৌঁছে যায়, তাহলে বিল পাশ আটকানো বিরোধীদের পক্ষে কঠিন। তাই বিরোধীরা মরিয়া, তাদের কাছে যতজন আছে, সেটি অটুট রাখতে। তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বাদল অধিবেশনে সাসপেন্ড করে রেখেছেন স্পিকার ওম বিড়লা। তাই তিনি ভোট দিতে পারবেন না। শুক্রবার স্পিকারকে চিঠি লিখে সাসপেনশন প্রত্যাহার করতে অনুরোধ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিকে, বিরোধী জোটকে এককাট্টা করতে শুক্রবার রাহুল গান্ধীর সঙ্গে টেলিফোনে কথা হয় মমতার। আজ মল্লিকার্জুন খাড়্গের বাড়িতে  বিরোধী বৈঠকে থাকবেন অভিষেক আর ডেরেক ও’ব্রায়েন।